ডটস (ডাইরেক্টলি অবজারভড ট্রিটমেন্ট শর্ট কোর্স)—সেবিকার উপস্থিতিতে সরাসরি ওষুধ সেবন পদ্ধতি যক্ষ্মার চিকিৎসায় কার্যকর ভূমিকা রাখলেও বগুড়ায় যক্ষ্মা রোগীর সংখ্যা প্রতিবছরই বাড়ছে। জেলা স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি সংস্থা ব্র্যাক সূত্রে জানা যায়, যক্ষ্মার চিকিৎসা বিনা মূল্যে দেওয়া হলেও এই রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকের শরণাপন্ন হওয়া, পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগনির্ণয় কেন্দ্রে যাওয়া এবং চিকিৎসাকেন্দ্র থেকে ওষুধ আনার খরচ মেটাতে গিয়ে রোগীর পরিবার দারুণ অর্থকষ্টে পড়ে।ব্র্যাকের জ্যেষ্ঠ সোশ্যাল কমিউনিকেটর সরোয়ার জাহান বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণে সরকারের ব্যাপক সফলতার পরও পৃথিবীর ২২টি যক্ষ্মাপ্রবণ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৬ নম্বরে। তিনি বলেন, ভয়ের ব্যাপার হলো, বাংলাদেশে মালট্রি ড্রাগ রেজিস্ট্যান্ট (এমডিআর) টিবির আবির্ভাব। ডটস পদ্ধতির আওতায় পরিমিত, নিয়মিত ও নির্দিষ্ট সময় পর্যন্ত ওষুধ না খাওয়ার কারণে এমডিআর টিবি হয়। বগুড়া বক্ষ্মব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট আজিজুর রহমান বলেন, জেলায় প্রতিবছরই প্রায় আড়াই হাজার রোগী বাড়ছে। রোগী আরোগ্য লাভের হার প্রায় ৯০ ভাগ।