বগুড়ায় যাত্রা প্যান্ডেলে হাতবোমার বিস্ফোরণ ছয়জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর কলেজস্টেশন-সংলগ্ন লাঠিগঞ্জ এলাকায় হাউজি ও যাত্রা প্যান্ডেলের টিকিট কাউন্টারে বুধবার রাতে হাতবোমার বিস্ফোরণে শিশুসহ ছয়জন আহত হয়েছে।
বগুড়ার পুলিশ সুপার মো. মোজামেঞ্চল হক বলেন, উচ্চ আদালতের একটি রিট আদেশকে ঢাল হিসেবে ব্যবহার করে সেখানে হাউজির মেলা চলছিল। বুধবার রাতে হাউজির প্যান্ডেলে বোমার বিস্ফোরণ ঘটার পর মেলা বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় লোকজন জানান, গাবতলী উপজেলার লাঠিগঞ্জ নামক স্থানে এই মেলা বসানো হলেও মাইকে সেটাকে পার্শ্ববর্তী সোনাতলা উপজেলার বগার মেলা হিসেবে উল্লেখ করা হচ্ছিল। আদালত থেকে ইনডোর গেমস চালানোর অনুমতি নিয়ে সেখানে প্রায় এক মাস ধরে পুলিশের নাগালের মধ্যেই অশ্লীল নৃত্য ও জুয়া-হাউজি চালানো হচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১০টার দিকে অশ্লীল নৃত্য প্রদর্শনের জন্য কথিত যাত্রানুষ্ঠানের নামে প্যান্ডেলের বাইরে টিকিট বিক্রি চলছিল। এ সময় টিকিট কাউন্টারের সামনে কে বা কারা শক্তিশালী হাতবোমার বিস্ফোরণ ঘটান। বিকট শব্দে হাতবোমাটি বিস্ফোরিত হলে আতঙ্কে দর্শকেরা ছোটাছুটি করতে থাকেন। বিস্ফোরণে টিকিট কাটতে আসা দর্শক সুখানপুকুর পাকুড়ির পাড়া গ্রামের হাসান আলী (২৬), বিল্লুর রহমান (২৩), হাটকরমজা গ্রামের আনারুল ইসলাম (৩৫), ভেলুরপাড়া এলাকার কুদ্দুস মিয়া (৩৫), বলাইল এলাকার নছির উদ্দিন (৪২) এবং সুখানপুকুর মাঝিপাড়া গ্রামের ফনি চন্দ্রের ছেলে শিপু (৯) আহত হয়।
সুখানপুকুর উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘আহত ছয় থেকে সাতজন চিকিৎসা নিতে কেন্দ্রে আসেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টারের আঘাত ছিল। বিস্ফোরকজনিত আঘাত হওয়ায় তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু তদন্তে আহত কারও খোঁজ পায়নি পুলিশ।