বগুড়ায় যানবাহন ঢুকলেই চাঁদা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক সংগঠনের সদস্যদের সাহায্য-সহযোগিতা করার অজুহাত দেখিয়ে সান্তাহার-বগুড়া, নওগাঁ-বগুড়া, বগুড়া-জয়পুরহাটসহ বগুড়া জেলার একাধিক সড়কপথে মোটর মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নামে চলছে চাঁদাবাজি। বগুড়া আন্তজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের এক নেতা বলেছেন, বগুড়ায় যেকোনো যানবাহন ঢুকলেই চাঁদা দিতে হবে।এ ব্যাপারে পুলিশ প্রশাসন রহস্যজনক নীরবতা পালন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। আগে এ ধরনের চাঁদাবাজি মোটরশ্রমিকদের সংগঠনগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল। বর্তমানে বগুড়ার বিভিন্ন মোটরমালিকদের সংগঠনের নামে সড়কের একাধিক স্থানে কার্যালয় তৈরি করে চাঁদা আদায় করার অভিযোগ মিলেছে। শ্রমিক সংগঠনের পাশাপাশি সান্তাহার ও দুপচাঁচিয়া পৌরসভার বিরুদ্ধেও বিভিন্ন পরিবহনের কাছে থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।সান্তাহার শহরের পিকআপচালক আমিন (ছদ্মনাম) বলেন, সান্তাহার থেকে বগুড়ার মহাস্থানগড়ে একবার ভাড়া নিয়ে যেতে তাঁকে চারটি স্থানে চাঁদা দিতে হয়। স্থানগুলো হচ্ছে সান্তাহার, দুপচাঁচিয়া, বগুড়ার চারমাথা ও মহাস্থানগড়। এসব স্থানে বিভিন্ন সংগঠনকে ১৬০ টাকা চাঁদা দিতে হয়। এর মধ্যে সান্তাহার পৌরসভাকে ১০ টাকা, দুপচাঁচিয়া পিকআপ-কার্গো ট্রাক মালিক সমিতিকে ৫০ টাকা, দুপচাঁচিয়া পৌরসভাকে ১০ টাকা, বগুড়া আন্তজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নকে ২০ টাকা, চারমাথা মোটর শ্রমিক ইউনিয়নকে ৫০ টাকা এবং মহাস্থানগড় শ্রমিক ইউনিয়নকে ২০ টাকা চাঁদা দিতে হয়।অপর পিকআপচালক জামাল (ছদ্মনাম) বলেন, ছোট আকারের জাপানি পিকআপগুলো এই এলাকায় আগে ছিল না। বর্তমানে এর সংখ্যা বেড়ে যাওয়ায় শ্রমিক সংগঠনগুলো পিকআপচালকদের ওপর বেশি অত্যাচার করছে। সান্তাহার শহরের মাছ ব্যবসায়ী দুলাল হোসেন বলেন, মাছ ব্যবসায়ীরা সাধারণত পিকআপে করে সারা দেশে মাছ পরিবহন করেন। কিন্তু বগুড়ার চারমাথায় শ্রমিক ও মালিক সংগঠনকে চাঁদা দিতে দিতে চালকদের নিঃস্ব হতে হয়।নিজের পরিবহনের নাম প্রকাশ না করার শর্তে ঢাকা থেকে নওগাঁগামী কাভার্ট ভ্যানের এক চালক বলেন, বগুড়ার বনানী থেকে শুরু করে চারমাথা পর্যন্ত একাধিক স্থানে তাঁকে ৮০ টাকা এবং নওগাঁ পর্যন্ত পৌঁছাতে ১৭০ টাকা চাঁদা দিতে হয়েছে। তিনি আরও বলেন, বগুড়া চারমাথা এলাকা সব ধরনের চালকের জন্য এক আতঙ্কের স্থান।নাম প্রকাশ না করার শর্তে একাধিক চালক জানান, দীর্ঘদিন ধরে বগুড়া শহরের চারমাথা এলাকায় চলছে শ্রমিক নামধারী লাঠিয়াল বাহিনীর তাণ্ডব। শ্রমিকদের দাবিকৃত চাঁদা দিতে না চাইলে লাঠিয়াল বাহিনীর সদস্যরা চালকদের নাজেহাল করেন।আদমদীঘি অটো টেম্পো মালিক সমিতির সাবেক সভাপতি আতোয়ার হোসেন ক্ষোভের সঙ্গে বলেন, বগুড়া চারমাথা এলাকার শ্রমিকদের কাছে শুধু চালকেরা নয়, যাত্রীরাও জিম্মি। এসব বিষয় পুলিশের ওপরমহলে জানিয়েও কোনো লাভ হয় না, বরং বিপদ বাড়ে। এ প্রসঙ্গে বগুড়ার পুলিশ সুপার হুমায়ন কবির জানান, চাঁদা আদায়ের বিষয়টি কেউ তাঁকে জানানি এবং লিখিত অভিযোগও করেনি। বিষয়টি তিনি জানেন না। তিনি আরও বলেন, কেউ লিখিত অভিযোগ করলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।দুপচাঁচিয়া পিকআপ-কার্গো ট্রাক মালিক সমিতির সভাপতি আজাহার আলী জানান, তাঁরা শুধু টাকা আদায় করেন। কিন্তু আদায় করা সব টাকা বগুড়ায় সমিতির প্রধান কার্যালয়ে জমা দিতে হয়।বগুড়া আন্তজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়ের কথা স্বীকার করে বলেন, ‘সরকারি আইন অনুযায়ী সংগঠনের ব্যয়ভার বহন, শ্রমিক পরিবারের ছেলেমেয়েদের শিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদানসহ শ্রমিকের মৃত্যুর পর তাঁর পরিবারকে সাহায্যের জন্য আমরা বৈধভাবে চাঁদা আদায় করি।’ তিনি আরও বলেন, ‘বগুড়ায় যেকোনো যানবাহন প্রবেশ করলে আমাদের চাঁদা দিতে হবে।’দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘পৌর এলাকায় কোনো যানবাহন লোড-আনলোড হলে বিধি অনুযায়ী আমরা ১০ টাকা করে আদায় করি। এটা বেআইনি নয়।’