বগুড়ায় যুদ্ধাপরাধীদের তালিকা তৈরি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠাতে বগুড়ায় যুদ্ধাপরাধীদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আল বদর, আল শামস ও শান্তি কমিটির নামে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা ও গণহত্যা করেছে, উপজেলাভিত্তিক তাদের তালিকা তৈরি হচ্ছে। জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশ এ তালিকা তৈরি করছে। সহযোগিতা করছেন মুক্তিযোদ্ধারা।বগুড়া জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনালের জন্য সারা দেশের যুদ্ধাপরাধীদের নামের তালিকা চেয়ে ২ আগস্ট জেলা প্রশাসকদের চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে যুদ্ধাপরাধীদের পূর্ণাঙ্গ নাম, পরিচয় ও ঘটনার সাক্ষী, প্রমাণসহ পাঠাতে বলা হয়েছে। ১৯৭২-এর স্পেশাল ট্রাইব্যুনাল আইন ও দালাল আইনে যাদের শাস্তি হয়েছে, তাদের ব্যাপারেও বিস্তারিত তথ্য জানাতে বলা হয়েছে। জেলা প্রশাসন থেকে বগুড়ার প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ চিঠি দেওয়া হয়। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বগুড়ার মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও উপজেলা কমান্ডকে।ওই চিঠি পাওয়ার পর ইউএনওরা তাঁদের এলাকার যুদ্ধাপরাধীদের তালিকা তৈরি করছেন। তাঁরা মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলছেন এবং মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম সংগ্রহ করছেন। এ ছাড়া যুদ্ধাপরাধী হিসেবে যাদের নামে মামলা হয়েছে, তাদের সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। উপজেলা প্রশাসন থেকে ওই তালিকা জেলা প্রশাসনে পাঠানোর পর তালিকা সমন্বয় করে ঢাকায় পাঠানো হবে। মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলা কমান্ডের আহ্বায়ক আমিনুল ইসলাম জানান, যুদ্ধাপরাধীদের তালিকা তৈরিতে তাঁরা প্রশাসনকে সহযোগিতা করছেন।যোগাযোগ করা হলে বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, গত বৃহস্পতিবার চিঠি পেয়ে যুদ্ধাপরাধীদের তালিকা তৈরির জন্য অনুসন্ধান করা হচ্ছে।