বগুড়ায় যুবদলের সভায় পাল্টাপাল্টি ধাওয়া তিন কর্মী বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার বগুড়া জেলা যুবদলের সভায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন যুবদল কর্মীকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদল সূত্রে জানা গেছে, ২৯ জুলাই জেলা যুবদলের সম্মেলন ডাকা হয়েছে। এই সম্মেলন সামনে রেখে শনিবার দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা আহ্বান করা হয়। শনিবার রাত ১০টায় এ সভা চলার সময় নিয়াজুল ইসলাম নামে এক কর্মী বক্তব্য দিতে চাইলে তাঁকে বসিয়ে দেওয়া হয়। এতে তিনি ক্ষুব্ধ হয়ে সভায় উপস্থিত জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুকুল ইসলামসহ অন্যান্য নেতাকে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে নিয়াজুল তাঁর হাতের কাছে থাকা পানির গ্লাস সাধারণ সম্পাদকের দিকে ছুড়ে মারেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দলের শীর্ষ নেতারা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জেলা যুবদলের সভাপতি খায়রুল বাশার বলেন, নিজেদের মধ্যে বাগিবতণ্ডা হয়েছে। পাল্টাপাল্টি ধাওয়া হয়নি। এ ঘটনায় তিনজনকে বহিষ্কার করার সত্যতা তিনি নিশ্চিত করেছেন।