বগুড়ার গাবতলী উপজেলায় গতকাল মঙ্গলবার যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের (টিআর ও কাবিখা) ডিও কেনা নিয়ে এ সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। গাবতলী থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে বগুড়া থেকে দাঙ্গা পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তাঘাট উন্নয়নের জন্য ৮৬টি প্রকল্পের বিপরীতে ১২৫ মেট্রিক টন গম বরাদ্দ হয়েছে। এ গম কেনার জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ আযম খানের অনুসারীরা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম এরই মধ্যে বেশ কয়েকটি ডিও (ডেলিভারি অর্ডার) কিনেছেন। অন্য কেউ যাতে ডিও কিনতে না পারেন, সে জন্য তিনি তাঁর দলবল নিয়ে গতকাল সকালে উপজেলা পরিষদের খাদ্য কার্যালয়ের সামনে অবস্থান নেন। এদিকে পৌর যুবলীগের আহ্বায়ক হযরত আলীর অনুসারীরাও ডিও কেনার উদ্দেশ্যে উপজেলা কৃষি কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মোমিনুলের অনুসারী ছাত্রলীগের কর্মীরা বেলা ১১টার দিকে হযরত আলীর অনুসারী যুবলীগের কর্মীদের ধাওয়া দেন। পরে যুবলীগের কর্মীরা সংঘবদ্ধ হয়ে ছাত্রলীগের কর্মীদের ধাওয়া দেন। এভাবে দুই পক্ষের মধ্যে বেলা একটা পর্যন্ত পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে গাবতলী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায়ে পুলিশ পিছু হটে গিয়ে থানার ভেতরে আশ্রয় নেয়। এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ৫০-৬০টি ককটেলের বিস্ফোরণ ঘটে, গুলিবর্ষণের ঘটনা ঘটে ১০-১২টি। পরে বগুড়া থেকে দাঙ্গা পুলিশ গিয়ে লাঠিপেটা ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন: সুজন, ইব্রাহিম, জাফরু, সাব্বির, নিপ্পন, ওবায়দুল, দুলাল, মানিক, লাবলু ও মিলন। তাঁরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে গা ঢাকা দিয়েছেন। জানতে চাইলে ছাত্রলীগের নেতা মোমিনুল প্রথম আলোকে বলেন, যুবলীগের নেতা হযরত আলীর অনুসারীরা আগে তাঁদের ওপর হামলা চালিয়েছেন। অন্যদিকে হযরত আলী বলেন, মোমিনুলের অনুসারীরা আগে তাঁদের ওপর হামলা চালান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম আজম খান বলেন, ‘ঘটনার সময় আমি বগুড়া শহরে ছিলাম।’ গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাসিরউদ্দিন বলেন, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। বগুড়ার সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত।