বগুড়ায় যুবলীগ নেতা হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় যুবলীগের বহিষ্কৃত নেতা আমিনুর রহমান শাহীন হত্যা মামলার প্রধান দুই আসামি স্বেচ্ছাসেবক লীগের নেতা মজনু মিয়া ও আবু জাফর সিদ্দিক রিপনকে পুলিশ গতকাল বুধবার বিকেল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তবে আল আমিন নামের এক আসামিকে মঙ্গলবার রাতে শহর থেকে গ্রেপ্তার করা হয়। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, মজনু মিয়া ও আবু জাফরকে গ্রেপ্তারের জন্য মঙ্গলবার রাতে পুলিশ একাধিক দল গঠন করে অভিযান চালিয়েছে। কিন্তু তাঁরা গা ঢাকা দেওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।মঙ্গলবার রাতে জানাজা শেষে আমিনুরের লাশ ফুলতলা এলাকার কবরস্থানে দাফন করা হয়। ওসি আনিছুর রহমান জানান, শুধু আমগাছের দরপত্র নিয়ে আমিনুর খুন হয়েছেন—এমনটা ভাবার সুযোগ নেই। কারণ, এই আম গত বছর বিক্রি হয়েছে ৫৫ হাজার টাকায়। এ বছরও একই হতো। ওসি আনিছুর আরও জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে, এলাকার আরেক সন্ত্রাসী মজনু মিয়ার সঙ্গে দীর্ঘদিনের বিরোধে এই হত্যাকাণ্ড ঘটেছে। মজনু মিয়ার বাবা শুকুর আলীকে ১৯৯৮ সালে আমিনুর হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। তাই মজনু বাবাকে হত্যার প্রতিশোধ নিয়েছেন বলে অনেকে মনে করছেন। মজনু ও আমিনুর দুজনের বিরুদ্ধেই হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১২-১৩টি করে মামলা রয়েছে।