বগুড়ায় যুবলীগের নেতাকে কুপিয়ে জখম
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবদুস সালামকে (৩৮) সন্ত্রাসীরা রামদা দিয়ে কুপিয়ে জখম করেছে। গতকাল শনিবার বগুড়া শহরে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার পারতিতপরল গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে।এ ঘটনার প্রতিবাদে দুপুরে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবলীগ। পরে এক সমাবেশ থেকে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করার দাবি জানানো হয়।সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মতিউর রহমান জানান, গতকাল ভোর চারটায় যুবলীগের নেতা সালাম ঢাকা থেকে নিজ বাসায় ফিরছিলেন। বগুড়া শহরের নারুলী এলাকার ডাকঘর স্টাফ কোয়ার্টারের পাশে পৌঁছালে ১০-১২ জন সন্ত্রাসী তাঁর পথ রোধ করে। এ সময় সন্ত্রাসীরা তাঁকে রামদা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। অস্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাঁকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো নয়। সালামের পারিবারিক সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পদে নির্বাচন কেন্দ্র করে প্রতিপক্ষ হত্যার উদ্দেশ্যে তাঁর ওপর হামলা চালিয়েছে।