বগুড়ায় রাতে রেললাইন কেটে পিকেটিং, সকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শহরদীঘি এলাকায় গতকাল রোববার রাতে রেললাইনের একটি অংশ কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে চার ঘণ্টা সান্তাহার-লালমনিরহাট রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। এদিকে আজ সোমবার সকালে শহরের লতিফপুর কলোনি এলাকায় শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

বগুড়া রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার বগুড়া রেলস্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে শহরদীঘি রেলগেটের কাছে গ্যাস মেশিন দিয়ে ১০ ফুট পরিমাণ রেললাইন কেটে পাশের একটি পুকুরে ফেলে দেয় ৩০ থেকে ৩৫ জন দুর্বৃত্ত। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশে খবর দিলে বিপুলসংখ্যক র্যাব ও পুলিশ সদস্য ঘটনাস্থলে যান। পরে রেলের প্রকৌশলী ও কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে রেললাইন মেরামত করলে ভোর সাড়ে চারটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বগুড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার বেনজুরুল ইসলাম জানান, রেললাইন কাটার কারণে পশ্চিমে কাহালু রেলস্টেশনে ঢাকা থেকে লালমনিরহাটগামী করতোয়া আন্তনগর ট্রেন ও বগুড়া রেলস্টেশনে ঢাকাগামী করতোয়া আন্তনগর ট্রেন আটকে ছিল। রাত সাড়ে চারটার দিকে মেরামতকাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে আজ সকালে শহরের লতিফপুর কলোনি এলাকায় পুলিশকে লক্ষ্য করে জামায়াত-শিবিরের কর্মীরা বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাবার বুলেটের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, সকাল নয়টার দিকে পুলিশ শহরের লতিফপুর কলোনি এলাকায় টহল দিলে গেলে জামায়াত-শিবিরের মিছিলের সামনে পড়ে পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে তারা বেশ কয়েকটি ককটেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাসের শেল ও শতাধিক রাবারের গুলি ছোড়ে।