বগুড়ায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ককটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে আজ সোমবার দুপুরের দিকে পর পর দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। আওয়ামী লীগের দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে আসার কয়েক মিনিট আগে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া-৪ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন ও বগুড়া-৭ আসনে মোস্তফা আলম আজ দুপুর পৌনে ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আজই শেষ দিন। তাঁরা সেখানে আসার কয়েক মিনিট আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনের সড়কে বিকট শব্দে পর পর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার খানিক পর ওই দুই প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন।