বগুড়ায় রেলওয়ের খাল দখল করছেন শ্রমিক লীগের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন শেখ স্থাপনা নির্মাণের জন্য অবৈধভাবে রেলওয়ের খাল ভরাট করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া সরকারি আযিযুল হক কলেজের কাছে রেললাইনের পাশে রেলওয়ের জায়গা রয়েছে। এর মধ্যে কিছু জায়গা কেউ কেউ রেলওয়ে থেকে ইজারা নিয়েছেন। অনেকে ইজারা ছাড়াই সেখানে স্থাপনা নির্মাণ করেছেন। রেলওয়ের জায়গা ইজারা নিয়ে মাস চারেক আগে কলেজের সামনে ১৬টি দোকানঘর নির্মাণ করেন শামছুউদ্দিন শেখ। দুই সপ্তাহ ধরে তিনি দোকানগুলোর পেছনে রেলওয়ের খাল ভরাট করছেন। মাটি ভরাটে নিয়োজিত শ্রমিকেরা নাম প্রকাশ না করার শর্তে জানান, খালটি শামছুউদ্দিন ভরাট করাচ্ছেন। ভরাটের পর সেখানে দোকানঘর করা হবে। এ পর্যন্ত খালের প্রায় পাঁচ শতক জায়গা ভরাট করা হয়েছে। রেলওয়ের বিভাগীয় এস্টেট কর্মকর্তা আবু সাঈদ বলেন, যে জায়গায় ওই ১৬টি দোকান করা হয়েছে, তা রেলওয়ে ইজারা দিয়েছে। কিন্তু দোকানগুলোর পেছনের জায়গা কাউকে ইজারা দেওয়া হয়নি। বিষয়টির খোঁজ নিতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তা জানান, এখানে কলেজের কারণেই সব স্থাপনা ভেঙে দেওয়া উচিত। সরকারি আযিযুল হক কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) সুইন চৌধুরী বলেন, কলেজের সৌন্দর্য নষ্ট করে রেলওয়ের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করা মোটেই উচিত হয়নি। অবিলম্বে এসব দখল বন্ধ করতে হবে। আযিযুল হক কলেজের অধ্যক্ষ এ কে এম ছালামত উল্লাহ বলেন, এখানে যাতে কোনো স্থাপনা নির্মাণ করা না হয়, সে ব্যাপারে রেলওয়েকে মৌখিকভাবে জানানো হয়েছে। রেলওয়ের বগুড়া কার্যালয়ের ভূমি বিভাগের কানুনগো ইকবাল মাহমুদ বলেন, ‘আমি নতুন এসেছি। সবকিছু জানি না। তবে রেলওয়ের এই খাল কাউকে ইজারা দেওয়া হয়নি। অবৈধভাবে এটি ভরাট করা হচ্ছে—এ খবর পেয়ে কয়েক দিন আগে গিয়ে কাজ বন্ধ করতে বলা হয়েছে।’ কিন্তু কাজ বন্ধ হয়েছে কি না, তা তিনি জানেন না। জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন শেখ বলেন, রেলওয়ে থেকে জমি ইজারা নিয়ে ওই ১৬টি দোকান করা হয়েছে। আর এখন যে খাল ভরাট করা হচ্ছে, সেখানে একটি বাজার করা হবে। এলাকার লোকজনের সুবিধার জন্য এই বাজার করা হবে। তিনি দাবি করেন, খালের মাত্র দেড় শতক জায়গা ভরাট করা হয়েছে। আরও ভরাট করা হবে। এ জন্য রেলওয়ে থেকে অনুমতি নেওয়া হয়েছে।