বগুড়ায় রেলপথে আবারও নাশকতা
বগুড়ায় রেলপথে আবারও নাশকতা চালানো হয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে দুটি আন্তনগর ট্রেনের প্রায় ৪০০ যাত্রী। গত রোববার রাতে বগুড়া রেলস্টেশনের অদূরে শহরদীঘি এলাকায় রেললাইনের ১০ ফুট কেটে উপড়ে ফেলা হয়েছে। এ নিয়ে একই স্থানে চারবার নাশকতার ঘটনা ঘটল। রেল বিভাগ ও রেল পুলিশ এই নাশকতার জন্য জামায়াত শিবিরকে দায়ী করেছে।
বগুড়া রেলস্টেশনের কর্মকর্তারা জানান, রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে স্টেশন থেকে তিন কিলোমিটার পশ্চিমে শহরদীঘি এলাকায় ২০-২৫ জন গ্যাসের সিলিন্ডার ও কাটার মেশিন দিয়ে রেললাইন কাটতে থাকে। ঘটনাটি রেলওয়ের নৈশকালীন কর্মীরা দেখে ফেলেন। তাঁরা সঙ্গে সঙ্গে বিষয়টি রেলওয়ের কর্মকর্তাদের জানালে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ যাওয়ার আগেই নাশকতাকারীরা পালিয়ে যায়। তবে তারা রেললাইনের ১০ ফুট কেটে খাদে ফেলে রাখে।
ওই কর্মকর্তারা আরও জানান, রাত পৌনে একটার দিকে লালমনিরহাট থেকে ঢাকামুখী এবং ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ‘করতোয়া এক্সপ্রেস’ নামের দুটি আন্তনগর ট্রেনের বগুড়া রেলস্টেশনে ক্রসিং হওয়ার কথা ছিল। প্রায় দুই শতাধিক যাত্রী নিয়ে ঢাকামুখী ট্রেনটি বগুড়া রেলস্টেশনে অপেক্ষা করছিল। অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে আসা অপর ট্রেনটি চার-পাঁচ মিনিটের মধ্যে স্টেশনে প্রবেশ করার কথা ছিল। এ সময় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ট্রেনটি কাহালু রেলস্টেশনে আটকে দেওয়া হয়। রেলপথ মেরামতের পর রাত সাড়ে তিনটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বগুড়া রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী (পথ) আফজাল হোসেন জানান, রেললাইন কাটার খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্টেশনগুলোতে সতর্কবার্তা পাঠিয়ে রেলকর্মীদের নিয়ে তিনি ঘটনাস্থলে যান। তিনি জানান, এ নিয়ে একই স্থানে চারবার নাশকতা চালানো হলো। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা এসব নাশকতা চালাচ্ছেন বলে তিনি মনে করেন।
বগুড়া রেলওয়ের স্টেশনমাস্টার বেনজুরুল ইসলাম জানান, চলতি বছরের ৩ মার্চের পর থেকে বগুড়া এলাকায় রেলপথে বেশ কয়েকবার নাশকতার চেষ্টা করা হয়েছে। এ কারণে রেলপথের নিরাপত্তায় প্রহরীর সংখ্যা বাড়ানো হয়েছে। রাতে রেলপথের নিরাপত্তায় প্রতি ছয় কিলোমিটারে তিন থেকে পাঁচজন করে দায়িত্ব পালন করছেন। তাঁদের জন্যই এবার রক্ষা পেয়েছে দুটি আন্তনগর ট্রেন। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা এসব নাশকতা করছেন বলে তিনি অভিযোগ করেন।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক বিমল কুমার জানান, ইতিপূর্বে জামায়াত-শিবিরের ডাকা হরতালে একই স্থানসহ আরও কয়েকটি স্থানে রেলপথে নাশকতামূলক তৎপরতা চালানো হয়েছে। ওই সব ঘটনার সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এবারও তাঁরাই নাশকতামূলক এ কাজ করেছেন। আগের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছিল। এবারও মামলা করার প্রস্তুতি নিয়েছে রেল বিভাগ।
রেলওয়ের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় সাড়ে আট মাস আগে জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের শুরুতে ৩ মার্চ বগুড়ায় জামায়াত-শিবির প্রথম রেলপথে নাশকতা চালায়। তারা ওই দিন বগুড়া রেলস্টেশন থেকে কয়েক শ গজ দূরে সরকারি আজিজুল হক কলেজের সামনে কামারগাড়ী এলাকায় রেললাইন উপড়ে ফেলে। একই দিন তারা শহরের সাবগ্রাম এলাকায় বিপুলসংখ্যক ক্লিপ খুলে ফেলে। এরপর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ৮ মার্চ বগুড়ার আদমদীঘি উপজেলার আলতাফনগর ও নশরতপুর স্টেশনের মাঝামাঝি এলাকায় রেললাইনের সংযোগস্থলের কাছে তিন ইঞ্চি কেটে ফেলেন। পরে একে একে তালোড়া স্টেশনের কাছে রেললাইনের ক্লিপসহ আরও তিনটি রেলসেতুর হুক বোল্ট খুলে ফেলেন। ৩ এপ্রিল রাজশাহী ও রংপুর বিভাগে ডাকা অর্ধদিবস হরতালে ওই একই স্থান থেকে ৯৯৮টি রেলক্লিপ খুলে ফেলা হয়। ১৫ জুলাই জামায়াত-শিবিরের ডাকা হরতালে শহরদীঘি এলাকায় ৩০০ মিটার রেলপথের ৮০০টি ইলাস্টিক রেলক্লিপ (ইআরসি) খুলে ফেলা হয়। এভাবে গত কয়েক মাসে বিভিন্ন স্থানে নাশকতার উদ্দেশ্যে সাড়ে পাঁচ হাজার রেলক্লিপ খুলে ফেলে রাখেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।