বগুড়ায় রেলের জমিতে কাউন্সিলরের মার্কেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের পশ্চিমে জামিলনগর এলাকায় রেলওয়ের জমিতে মার্কেট নির্মাণ করা হচ্ছে। সাবেক এক জামায়াত নেতা ও বগুড়া পৌরসভার কাউন্সিলর এরশাদুল বারী ওই মার্কেট নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। কাউন্সিলরের দাবি, ওই জমি তিনি ইজারা নিয়েছেন। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, নির্মাণকাজ বন্ধের জন্য তারা একাধিকবার নোটিশ দিয়েছে। তাতেও কোনো কাজ না হওয়ায় সম্প্রতি তারা বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। বগুড়া রেলের ভূমি বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শহরের মালগ্রাম মৌজায় রেলওয়ের বেশ কিছু কৃষিজমি রয়েছে। এসব জমি কৃষিজমি হিসেবেই ইজারা দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা এসব জমি ইজারা নিয়ে ব্যবসা করছেন। গত দুই বছর ধরে এসব জমি ইজারা দেওয়া বন্ধ রয়েছে। কিন্তু দুই মাস ধরে জামিলনগরে মার্কেট নির্মাণের কাজ শুরু করেছেন ৮ নম্বর ওয়ার্ডের জামায়াতের সাবেক সভাপতি এরশাদুল বারী। রেল বিভাগের কর্মকর্তারা জানান, ওই জমিতে স্থাপনা করার কোনো অনুমোদন দেওয়া হয়নি। সেখানে রেলের সাত শতাংশ জায়গা দখল করে এরশাদুল বারী দোকানঘর নির্মাণ করছেন। ঘটনাস্থল পরিদর্শনের পর রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা একাধিকবার নোটিশ দিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার অনুরোধ জানালেও কোনো ফল হয়নি। এ কারণে ১৯ জুলাই তিনি বগুড়া সদর থানায় পৌর কাউন্সিলর এরশাদুল বারীর বিরুদ্ধে একটি জিডি করেন। সরেজমিনে দেখা গেছে, জামিলনগর যুব সংঘের পশ্চিম পাশের ফাঁকা জমিতে আধপাকা ভবন তোলা হয়েছে। গত মে মাস থেকে এর কাজ শুরু হয়। ৬০ ফুট দীর্ঘ ও ৫০ ফুট প্রস্থের ওই ভবনে তিন সারিতে ছোট-বড় মিলে ৩৬টি ঘর (দোকান ঘর) নির্মাণ করা হয়েছে। এরশাদুল বারী দাবি করেন, জায়গাটি দখল করা হয়নি। তাঁর ভাই সাইফুল ইসলামের নামে অনেক আগে কৃষি জমি হিসেবে রেলওয়ের কাছ থেকে ইজারা নেওয়া হয়েছে। জনগণের সুবিধার্থে তিনি সেখানে কৃষি বাজার করার জন্য মার্কেট করছেন। যেহেতু মার্কেট নির্মাণ করা হচ্ছে, এ কারণে বাণিজ্যিক ইজারার জন্য রেলওয়ের কাছে আবেদনও করা হয়েছে। পৌর কাউন্সিলর এরশাদের বক্তব্য ‘সম্পূর্ণ মিথ্যা’ উল্লেখ করে রেলওয়ে লালমনিরহাট বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তা আবু সাঈদ প্রথম আলোকে জানান, বর্তমানে ওই এলাকায় রেলওয়ের কোনো জমি কারও নামেই ইজারা দেওয়া নেই। একসময় কৃষিজমি হিসেবে ইজারা দেওয়া হয়েছিল। গত দুই বছর ধরে এসব জমি ইজারা দেওয়া বন্ধ রয়েছে। জামিলনগর এলাকায় দখলদার হিসেবে রেল বিভাগ ৪২ জনের একটি তালিকা করেছে। সেই তালিকায় পৌর কাউন্সিলরের ভাই সাইফুল ইসলামের নামও রয়েছে। এই দখলদারদের একাধিকবার উচ্ছেদের নোটিশ দেওয়ার পরও তাঁরা দখল ছাড়েননি। চলতি মাসের শুরুর দিকে সর্বশেষ উচ্ছেদ নোটিশ দেওয়া হয় বলে ভূ-সম্পত্তি কর্মকর্তা জানিয়েছেন।পৌর কাউন্সিলর মার্কেট নির্মাণের জন্য বাণিজ্যিক-ইজারার আবেদন করেছেন বললেও আসলে তিনি কোনো আবেদন করেননি বলে আবু সাঈদ জানিয়েছেন। তিনি বলেন, কাউন্সিলর এরশাদ জবরদখল করে মার্কেট তৈরি করছেন। এ কারণে তাঁর বিরুদ্ধে থানায় এজাহার দেওয়া হয়েছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জিডির সত্যতা নিশ্চিত করেছেন।