বগুড়ায় রেলের জমিতে সেই নেতার আরেকটি দোকান
বগুড়া শহরের কামারগাড়ি এলাকায় সরকারি আজিজুল হক কলেজের সামনে রেলওয়ের মালিকানাধীন জলাশয় দখল ও ভরাট করে নির্মাণ করা দোকানঘরের পাশে ছাত্রলীগের কলেজ শাখার আহ্বায়ক আবু জাফর মো. মাহমুদুন্নবী আরেকটি দোকানঘর নির্মাণ করছেন। এরই মধ্যে তিনি জলাশয়ের আরও কিছু অংশ ভরাট করে ফেলেছেন।২০১২ সালের শেষের দিকে আবু জাফর মো. মাহমুদুন্নবী রেলওয়ের মালিকানাধীন জলাশয় দখল করে কলেজের প্রবেশমুখে ও রোকেয়া হলের সামনে একটি দোকানঘর নির্মাণ করেন। এ নিয়ে ওই বছরের ১৩ সেপ্টেম্বর ‘রেলের জায়গায় ছাত্রলীগ নেতার দোকানঘর’ শিরোনামে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়।কয়েক মাস যেতে না-যেতেই ছাত্রলীগের ওই নেতা দোকানঘরসংলগ্ন পেছনের জলাশয় আবারও ভরাট করে আরেকটি দোকানঘর নির্মাণ শুরু করেন। সরেজমিনে দেখা গেছে, আগে নির্মাণ করা দোকানঘরের পেছনের জলাশয়ের এক থেকে দেড় শতক জায়গা নতুন করে ভরাট করে আরেকটি দোকানঘর নির্মাণ করা হচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় লোকজন ও কলেজের শিক্ষার্থীরা জানান, গত বছর রেলওয়ের জলাশয় অবৈধভাবে দখল করে ছাত্রলীগের ওই নেতা একটি দোকানঘর নির্মাণ করেন। কলেজের তৎকালীন অধ্যক্ষ ছালামত উল্লাহ এর প্রতিবাদ করলে তাঁর অপসারণ চেয়ে লাগাতার আন্দোলনে নামেন ছাত্রলীগের নেতারা। আন্দোলনের মুখে ছালামত উল্লাহকে কলেজ থেকে বদলি করা হয়।নাম প্রকাশ না করার শর্তে রোকেয়া হলের এক ছাত্রী বলেন, এখানে দোকানঘর নির্মাণ করায় ছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি হলের পরিবেশ ব্যাহত হচ্ছে। ছাত্রফ্রন্টের আজিজুল হক কলেজ শাখার সভাপতি শ্যামল কুমার বলেন, রেলের জায়গায় কলেজ ক্যাম্পাসে স্থাপনা নির্মাণ করা ঠিক হচ্ছে না। তা ছাড়া কলেজের পরিবেশের কথা বিবেচনা করে এ জায়গাটি ব্যক্তিগতভাবে কাউকে ইজারা না দিয়ে কলেজকে ইজারা দেওয়া উচিত।কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্রনাথ দাস বলেন, ‘জায়গাটি কলেজ ক্যাম্পাসের ভেতরে হলেও এর মালিকানা রেলওয়ের। তারা কাউকে জায়গাটি ইজারা দিয়েছে কি না, তা আমার জানা নেই।’নতুন করে রেলওয়ের জায়গা দখল করে আরেকটি দোকান নির্মাণ করার ব্যাপারে জানতে চাইলে মাহমুদুন্নবী বলেন, তিনি দুলাল নামের এক ব্যক্তির কাছ থেকে জায়গাটি নিয়েছেন। দুলাল রেল বিভাগ থেকে জলাশয়টি ইজারা নিয়েছেন বলে তিনি দাবি করেন। এর আগে অবৈধভাবে দোকানঘর নির্মাণের ব্যাপারে প্রতিবেদন তৈরির সময় মাহমুদুন্নবী দাবি করেছিলেন, রেলের কাছ থেকে ২৪০ বর্গফুট জায়গা তিনি ইজারা নিয়েছেন।জানতে চাইলে রেলওয়ের বগুড়ার কানুনগো মোকাররম হোসেন বলেন, বাণিজ্যিকভাবে কাউকে জায়গাটি ইজারা দেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে মাহমুদুন্নবী দাবি করেন, ২৪০ বর্গফুট জায়গা তিনি রেল বিভাগ থেকে ইজারা নিয়েছেন। রেলের ভূসম্পত্তি বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ভুয়া কাগজপত্র তৈরি করে এসব জায়গা দখল করা হচ্ছে। যে কাগজ দেখানো হয়েছে, তা সঠিক নয়।