বগুড়ায় শনিবার থেকে ফের ৪৮ ঘণ্টার হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ করে রাখা’র প্রতিবাদে বগুড়ায় শনিবার সকাল ছয়টা থেকে আবার ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন জেলা ১৮-দলীয় জোট। শনিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত এই হরতাল পালিত হবে।

৩৬ ঘণ্টার হরতাল শেষে আজ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত ১৮-দলীয় জোটের সমাবেশ থেকে নতুন করে এই হরতালের ঘোষণা দেন বগুড়া জেলা ১৮-দলীয় জোটের সমন্বয়ক সাইফুল ইসলাম।

এর আগে বিকেল চারটার দিকে বগুড়া শহরের চেলোপাড়া সেতুসংলগ্ন শাপলা চত্বরে ১৮-দলীয় জোটের উদ্যোগে হরতাল-পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত  হয়। এতে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জেলা জামায়াতের আমির মো. শাহাবুদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘বিরোধীদলীয় নেতাকে তাঁর বাসভবনে গৃহবন্দী করে রাখার প্রতিবাদে জেলাজুড়ে সর্বাত্মক এই হরতাল চলবে।’

সংঘর্ষ, আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর

হরতালে আজ পিকেটিং করাকে কেন্দ্র করে বগুড়ার সোনাতলা উপজেলায় হরতাল-সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে আওয়ামী লীগের কার্যালয় ও বিপণিকেন্দ্রে হামলা ও ভাঙচুর করেছে হরতালের সমর্থকেরা। সংঘর্ষে আওয়ামী লীগ-সমর্থিত দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ উভয় পক্ষের কমপক্ষে ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫টি রাবার বুলেট ছোড়ে।

এদিকে হরতালের সমর্থনে বেলা ১১টার দিকে সোনাতলা-মোকামতলা সড়কের বালুয়াবাজারে পিকেটিং করছিল হরতাল-সমর্থকেরা। এ সময় পিকেটিংয়ে বাধা দেন স্থানীয় আওয়ামী লীগের লোকজন। একপর্যায়ে হরতাল-সমর্থকদের তাঁরা ধাওয়া দিলে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একজোট হয়ে পাল্টাধাওয়া দেন। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আট থেকে ১০টি হাতবোমার বিস্ফোরণ ঘটে। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা বালুয়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেন। তাঁরা জয়া সুপার মার্কেটে ককটেল হামলা ও কয়েকটি দোকান ভাঙচুর করেন।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান জানান, পিকেটিংয়ে বাধা দিলে হরতাল-সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ব্যাপারে এখনো  কেউ থানায় মামলা দায়ের করেনি।