বগুড়ায় শহীদ মহসীন আলীর নামে সড়কের নামকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৪৩ বছর পর অবশেষে শহীদ সাংবাদিক ও বুদ্ধিজীবী মহসীন আলী দেওয়ানের নামে বগুড়া শহরের একটি সড়কের নামকরণ করা হলো। অধ্যক্ষ মহসীন আলী দেওয়ানের আত্মত্যাগের স্বীকৃতি এবং একাত্তরের শহীদের স্মৃতি রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়৷
বগুড়া শহরের সেউজগাড়ী ময়েজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শহীদ মহসীন আলী দেওয়ানের বাসভবন পর্যন্ত সড়কের নামকরণ হলো ‘শহীদ বুদ্ধিজীবী অধ্যক্ষ মহসীন আলী দেওয়ান সড়ক’৷ গতকাল শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বগুড়া শহরের সেউজগাড়ীতে ‘শহীদ বুদ্ধিজীবী অধ্যক্ষ মহসীন আলী দেওয়ান সড়কে’র নামফলক উন্মোচন করেন দৈনিক ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন।
সাংবাদিকতার পাশাপাশি মহসীন আলী দেওয়ান বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ, নওগাঁ সরকারি কলেজ, জয়পুরহাট সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। ১৯৭১ সালের ৩ জুন রাজাকারদের সহায়তায় পাকিস্তানি বাহিনী অধ্যক্ষ মহসীন আলী দেওয়ানকে শহরের সেউজগাড়ীর বাসভবন থেকে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করে।
নামফলক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর আসনের সাংসদ নূরুল ইসলাম, সাবেক সাংসদ ও প্রবীণ সাংবাদিক আমান উল্লাহ খান, গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান স্থপতি আহসানুল হক খান, পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ফরিদ, টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান, দৈনিক চাঁদনী বাজার-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি সাগর কুমার রায়, শহীদ জায়া ফজিলাতুন্নেছা দেওয়ান, সাংবাদিক ফারুখ ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।