বগুড়ায় শান্তিপূর্ণ ভোট, নারী ভোটার বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাজাহানপুর, কাহালু, শিবগঞ্জ ও আদমদীঘি উপজেলায় গতকাল বৃহস্পতিবার বড় ধরনের কোনো অঘটন ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটার উপস্থিতিও ছিল বেশ ভালো। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি।
তবে শাজাহানপুর উপজেলার একটি কেন্দ্রে যুবলীগের এক নেতাকে আটক করা হয়েছে কয়েকটি জাল ব্যালট পেপারসহ। আর ভ্রাম্যমাণ আদালত জাল ভোট দেওয়াসহ বিভিন্ন অপরাধে আদমদীঘিতে ১১ জনকে ১১ হাজার ২০০ টাকা, কাহালুতে দুজনকে দুই হাজার ২০০ টাকা ও শিবগঞ্জে আটজনকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন।
সরেজমিন এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশির ভাগ কেন্দ্রে ৫০ থেকে ৬০ শতাংশ ভোট পড়েছে। ভোটদাতাদের বেশির ভাগ নারী। জেলার শাজাহানপুর ও কাহালু উপজেলার ২০টি কেন্দ্র ঘুরে সেখানে বিপুলসংখ্যক নারী ভোটারের উপস্থিতি দেখা যায়।
প্রথম আলোর শিবগঞ্জ প্রতিনিধি মোট ১০টি এবং আদমদীঘি প্রতিনিধি নিজ উপজেলার মোট পাঁচটি কেন্দ্র ঘুরেও পেয়েছেন একই চিত্র। বেশির ভাগ কেন্দ্রে ছিল নারী ভোটারের লম্বা লাইন। সেই তুলনায় অনেক কেন্দ্রে পুরুষ ভোটার ছিল হাতে গোনা।
ভোট শান্তিপূর্ণ ও উৎসবের আমেজে হলেও এর মধ্যেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। চার উপজেলাতেই দেখা গেছে, ভোটারদের কেন্দ্রে আনতে ভ্যান পাঠান বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা। অন্তত ২০টি কেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রার্থীর পোস্টার ও পতাকা-সংবলিত যানবাহনে চড়ে ভোটাররা কেন্দ্রে আসছেন।
এ ছাড়া কয়েকটি কেন্দ্রের বাইরে ভোটার ও কর্মীদের জন্য খাবারের আয়োজন ছিল। আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর পক্ষে তাঁদের কর্মীদের কেন্দ্রের মধ্যেই ভোট চাইতে দেখা গেছে অন্তত দুটি কেন্দ্রে।
শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আটটি জাল ব্যালট পেপারসহ আটক হয়েছেন যুবলীগের ৪ নম্বর ওয়ার্ডের সহসভাপতি আবদুল হামিদ।
শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান জানান, জাল ব্যালট পেপারসহ একজন আটক হওয়ার ঘটনা ছাড়া পুরো নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোনো স্থানে কোনো ধরনের ঝামেলা হয়নি।
বেলা ১১টার দিকে কাহালু উপজেলার কাহালু উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি খুবই নগণ্য। নির্বাচনী কর্মকর্তারা জানান, এই কেন্দ্রে মোট ভোট চার হাজার ৩৮৫টি। তখনো পর্যন্ত ভোট পড়েছে ৭৪৪টি। বেলা একটার দিকে জানানো হয়, প্রায় অর্ধেক ভোট পড়েছে। পরে সন্ধ্যা সোয়া সাতটায় জানানো হয়, এই কেন্দ্রে মোট তিন হাজার ৭৪টি ভোট পড়েছে।