বগুড়ায় শাহীন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
বগুড়া জেলা যুবলীগের বহিষ্কৃত নেতা আমিনুর রহমান শাহীন হত্যা মামলার প্রধান আসামি জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মজনু মিয়াকে (৪২) পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার রাত নয়টায় বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকার রূপগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আসামি মজনু মিয়ার অবস্থান নিশ্চিত হয়ে বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক মিজানুর রহমান এবং মামলার তদন্তকারী কর্মকর্তা শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজ উদ্দিনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শুক্রবার ঢাকায় যায়। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় রাত নয়টায় রূপগঞ্জ থানা এলাকার একটি বাড়ি থেকে মজনুকে গ্রেপ্তার করা হয়।শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, মজনু গ্রেপ্তার হলে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে বগুড়ার সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল মজনুকে গ্রেপ্তার করার কথা স্বীকার করে বলেন, সে এখনো বগুড়ায় এসে পৌঁছায়নি।