বগুড়ায় শিবিরের গোপন বৈঠক
পুলিশের কঠোর নজরদারি সত্ত্বেও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বগুড়ায় গোপন বৈঠক করেছে ইসলামী ছাত্রশিবির। গত সোমবার বিকেলে শহরের জামিলনগর এলাকায় ওই বৈঠক হয়েছে। বৈঠকে শিবিরের কেন্দ্রীয় নেতারা ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখাসহ খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের ৪৭টি সাংগঠনিক শাখার নেতারা উপস্থিত ছিলেন। গত সোমবার সন্ধ্যায় স্থানীয় বিভিন্ন সংবাদপত্র ও গণমাধ্যমের কার্যালয়ে ছাত্রশিবিরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ওই বৈঠকের কথা জানানো হয়। বৈঠককে সংগঠনের ‘দায়িত্বশীল সমাবেশ’ উল্লেখ করে সেখানে কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বলে উল্লেখ করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম বলেন, জামিলনগর এলাকায় ছাত্রশিবিরের বৈঠকের খবর পেয়ে সোমবার রাতে প্রথম দফা অভিযান চালানো হয়। অভিযানে সোহাগ নামে শিবিরের একজন কর্মীকে আটক করা হয়। অন্যরা অভিযানের আগেই গা ঢাকা দেন। মঙ্গলবার দুপুরে দ্বিতীয় দফা অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি। শিবিরের সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, গত ছয় মাসে শিবিরের দুই শতাধিক নেতা-কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। শত শত নেতা-কর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে। লাখ লাখ নেতা-কর্মীকে মিথ্যা মামলায় জড়নো হয়েছে। বিচারের নামে সাজানো নাটক এবং আগামী নির্বাচন নিয়ে সরকারের ষড়যন্ত্র মোকাবিলায় সাংগঠনিক কৌশল নিয়ে সমাবেশে আলোচনা হয়েছে। ছাত্রশিবিরের বগুড়া জেলা শাখার প্রচার ও ছাত্র আন্দোলনবিষয়ক সম্পাদক মিজানুর রহমান বলেন, প্রতি ছয় মাস পর সারা দেশের সাংগঠনিক নেতাদের নিয়ে ঢাকায় এ বৈঠক হতো। কিন্তু বর্তমানে সংগঠনের জন্য অনুকূল পরিবেশ না থাকায় তিন বিভাগের নেতাদের নিয়ে এ বৈঠক ঢাকার বাইরে বগুড়ায় করতে হয়েছে। তিনি আরও বলেন, ‘কৌশলগত কারণেই কঠোর গোপনীয়তার মধ্যে এ বৈঠক করতে হয়েছে। র্যাব-১২-এর অধিনায়ক জামিল আহমেদ বলেন, ‘বগুড়ায় শিবিরের তৎপরতার ওপর র্যাবের কড়া নজর রয়েছে। তবে সোমবার আসলেই তাঁরা বগুড়ায় গোপন বৈঠক করেছেন নাকি অন্য কোথাও বৈঠক করে বগুড়ায় বৈঠক করার দাবি করছেন, সেটি গভীরভাবে খতিয়ে দেখা হবে। পুলিশ সুপার মোজামেঞ্চল হক বলেন হামলা, বোমাবাজি, অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুরের মতো তৎপরতা বন্ধ করতে জামায়াত-শিবিরের কর্মকাণ্ডের ওপর নজরদারি বাড়াতে হয়েছে।