বগুড়ায় শেষ হলো আঞ্চলিক বিশ্ব ইজতেমা

মুসলিম বিশ্বের শান্তি; দেশ, জাতি ও মানবতার কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গতকাল শনিবার বগুড়ায় আঞ্চলিক বিশ্ব ইজতেমা শেষ হয়েছে। মোনাজাতে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছেন মুসল্লিরা।
আখেরি মোনাজাতে অংশ নিতে ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার ঝোপগাড়ির ইজতেমা ময়দানে লাখো মুসল্লির ঢল নামে। ইজতেমাস্থল ছাপিয়ে বিশ্বরোডের চারমাথা থেকে বারপুর মোড় পর্যন্ত এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বেলা ১২টা থেকে আখেরি মোনাজাত শুরু হয়। শেষ হয় ১২টা ১২ মিনিটে। বিনম্র সুরে আল্লাহর কাছে আকুতি জানিয়ে মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের শীর্ষস্থানীয় তাবলিগ মুরব্বি মাওলানা ফারুক। তাঁর সঙ্গে লাখো মুসল্লি দুই হাত তুলে ‘আমিন’ ‘আমিন’ ধ্বনি তোলেন। বিশ্ব ইজতেমার ময়দান ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে লাগানো মাইকে সেই ধ্বনি ছড়িয়ে পড়ে। মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে রওনা দেন মুসল্লিরা।
টঙ্গীর বিশ্ব ইজতেমায় এবার বগুড়াসহ উত্তরাঞ্চলের মুসল্লিদের অংশগ্রহণের সুযোগ না থাকায় তাবলিগ জামায়াতের কেন্দ্রীয় মুরব্বিদের সিদ্ধান্তে ও তাবলিগ জামায়াতের ইন্তেজামিয়া কমিটির ব্যবস্থাপনায় শহরতলির ঝোপগাড়ি এলাকায় প্রথমবারের মতো তিন দিনব্যাপী এই আঞ্চলিক বিশ্ব ইজতেমা গত বৃহস্পতিবার শুরু হয়। এতে বাংলাদেশ ছাড়াও বিশ্বের কয়েকটি দেশের লাখো মুসল্লি অংশ নেন। ইজতেমায় দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ নানা বিষয় নিয়ে বয়ান করেন।