বগুড়ায় শ্রমিক খুন, প্রতিবাদে ভাঙচুর ও অগ্নিসংযোগ
বগুড়ার গাবতলী উপজেলার দড়িপাড়া গ্রামে গতকাল সোমবার ইটভাটার শ্রমিক এবারত আলীকে (৩২) ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বসতভিটা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।এবারতকে হত্যার ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী ছয়জনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে এবং পাঁচজনকে আটক করে পুলিশে দিয়েছে।গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার জানান, নিহত এবারতের বাবা দড়িপাড়া গ্রামের সৈয়দ আলী প্রামাণিক থানায় হত্যা মামলা করেছেন। এতে প্রতিবেশী আবদুর রশিদ, ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। যাঁরা গ্রেপ্তার হয়েছেন তাঁরা হলেন: দড়িপাড়া গ্রামের আফছার সরকারের স্ত্রী কাবাসী বেগম (৫৫), তাঁর ছেলে আজিজার (৩৫) ও আমজাদ হোসেন (৩০) এবং জাকিরুল ইসলাম (২৮) ও শাহীনুর রহমান (২৮)।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সৈয়দ আলীর বড় ছেলে আজাদুল আলী গতকাল সকালে বাইসাইকেলে করে কাজে যাচ্ছিলেন। দড়িপাড়া মসজিদের সামনে প্রতিবেশী আবদুর রশিদের ১৫-১৬ জন লোক লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আজাদুলের পথরোধ করে। খবর পেয়ে আজাদুলের ছোট ভাই এবারত ১০-১২ জন নিয়ে সেখানে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা এবারতকে ফলা-সড়কি দিয়ে খোঁচাতে থাকে। অন্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। ঘটনাস্থলেই এবারতের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন তাঁর বড় ভাই আজাদুল। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামের ৪০-৫০ জন ক্ষুব্ধ বাসিন্দা এসে হামলাকারীদের ধাওয়া ও পাঁচজনকে আটক করে। ক্ষুব্ধ গ্রামবাসী হামলাকারীদের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে গাবতলী থেকে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ড ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।ইটভাটার নিহত শ্রমিক এবারত আলীর ছোট ভাই রাশেদুল ইসলাম জানান, প্রতিবেশী আবদুর রশিদের সঙ্গে জমি নিয়ে বিরোধ আগেই মীমাংসা হয়ে গেছে। তবু রশিদের লোকজন পূর্বপরিকল্পিতভাবে তাঁর ভাইকে হত্যা করেছে। তাঁর আরেক ভাই আজাদুলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।