বগুড়ায় সংবাদপত্র বহণকারী গাড়িতে আবারও হামলা
জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলাকালে গতকাল বুধবার বগুড়ায় প্রথম আলো বহনকারী গাড়িতে আবার হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। আগের দিন মঙ্গলবারও প্রথম আলো পরিবহনে নিয়োজিত দুটি গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছিল হরতাল-সমর্থকেরা।উত্তরাঞ্চলে প্রথম আলো পত্রিকা পরিবহনের দায়িত্বে নিয়োজিত কাজলা পরিবহনের ব্যবস্থাপক ফারুক হোসেন বলেন, গতকাল সকাল ছয়টার দিকে পত্রিকা নিয়ে একটি গাড়ি বগুড়া থেকে নওগাঁর উদ্দেশে রওনা দেয়। পথে বগুড়া শহরের এরুলিয়ায় হরতাল-সমর্থেকরা হামলা ও ভাঙচুর চালায়। মঙ্গলবার দুটি গাড়িতে হামলা ও ভাঙচুরের পর বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির আলমগীর হোসাইন হরতালে তাঁদের দলের নেতা-কর্মীরা সংবাদপত্রের কোনো গাড়ি ভাঙচুর করবেন না বলে আশ্বাস দিয়েছিলেন।এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির আলমগীর হোসেইন বলেন, গত দুই দিনে সংবাদপত্র বহনকারী গাড়িতে হামলার ঘটনার সঙ্গে জামায়াত-শিবিরের কেউ জড়িত নন। অন্য কেউ এ ধরনের ঘটনা ঘটিয়ে জামায়াত-শিবিরের ওপর দোষ চাপাতে পারে।