বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সাংসদ সেলিনা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে ফেরার পথে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সরকারদলীয় সাংসদ সেলিনা জাহানের (৪৮) পাজেরো গাড়ি সড়ক দুর্ঘটনায় পড়ে। এতে সাংসদ সেলিনা ও তাঁর গাড়িচালক বিকাশ চন্দ্র (৩৩) আহত হন। এদিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গতকাল এক শিশু ও দিনাজপুরের বিরামপুর উপজেলায় গত বুধবার এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বগুড়া: বগুড়া শহরের ফুলবাড়ী ফাঁড়ির উপপরিদর্শক (টিএসআই) শফিকুল ইসলাম বলেন, গতকাল সকালে ঢাকা থেকে একটি পাজেরো গাড়িতে ঠাকুরগাঁওয়ে ফিরছিলেন সাংসদ সেলিনা জাহান। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া পুণ্ড্র ইউনিভার্সিটি-সংলগ্ন রাস্তায় একজন পথচারী মহাসড়ক পার হচ্ছিলেন। তাঁকে বাঁচাতে চালক বিকাশ গাড়িটি বাঁ দিকে মহাসড়কের পাশের ঢালুতে নামিয়ে দেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা খেয়ে সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে সাংসদ ও তাঁর গাড়ির চালক আহত হন। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে রফাত উল্লাহ কমিউনিটি হাসপাতালে পাঠান। সাংসদের বাড়ি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায়। তিনি ঠাকুরগাঁও-পঞ্চগড়ের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত আসনের সাংসদ বলে পুলিশ জানিয়েছে। আর বিকাশের বাড়ি কুষ্টিয়ায়।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানা আখতার জাহান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান হাসপাতালে গিয়ে সাংসদের চিকিৎসা কার্যক্রম তদারক করেন।
হাবিবুল হাসান বলেন, হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, সাংসদ ও তাঁর চালক দুজনই শঙ্কামুক্ত।
সাংসদের সঙ্গে থাকা চিকিৎসক ও মেয়েজামাই আলী আহসান বলেন, দুর্ঘটনায় সাংসদ মাথায় ও হাতে সামান্য আঘাত পেয়েছেন।
লালমনিরহাট: গতকাল বেলা তিনটার দিকে আদিতমারীর কমলাবাড়ি এলাকায় সড়ক পারাপারের সময় সুমাইয়া আক্তার (৫) নামের এক শিশুকে পেছন থেকে ইটবোঝাই একটি ট্রাক্টর ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুমাইয়ার লাশ উদ্ধার করে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ওই ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ সময় চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।
আদিতমারী থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিরামপুর (দিনাজপুর): উপজেলার বিসকিনি গ্রামের বাসিন্দা আজিজার রহমান (৬০) বুধবার সকাল ১০টার দিকে বাইসাইকেলে করে বিরামপুর আসার পথে পল্লবী মোড়ের সামনে বালুবাহী একটি ট্রলি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আজিজার মারা যান। এ সময় ট্রলির চালক ও সহকারী পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে বালুবাহী ট্রলিটি জব্দ করে। নিহত ব্যক্তির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।