বগুড়ায় সদর থানায় আবারও ককটেল হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সদর থানায় আজ মঙ্গলবার দুপুরে আবারও ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে তিন ব্যক্তি আহত হয়েছে। শিবিরের কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ আলম দাবি করেন, ছাত্রশিবিরের নেতা-কর্মীরা থানার ভেতরে দুটি ককটেল নিক্ষেপ করেন। থানা চত্বরে মামলাসংক্রান্ত কাজে আসা তিন ব্যক্তি ককটেল বিস্ফোরণে সামান্য আহত হয়েছেন। থানার নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

আহত ব্যক্তিরা হলেন বগুড়ার কাহালু সদর ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল আলম (৫০), শাজাহানপুর উপজেলার আনিছার রহমান (৩৫) ও শাজাহান মিয়া (৩৪)। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা দুইটার দিকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে করে শহরের কবি নজরুল ইসলাম সড়কে সদর থানার গেটের কাছে আসেন। তাঁরা থানার ভেতরে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান। ককটেল দুটি বিস্ফোরিত হলে থানাসহ সাতমাথা থেকে কবি নজরুল ইসলাম সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে গত ১৪ অক্টোবর একই থানায় দুটি ককটেল নিক্ষেপ করেছিলেন শিবিরের কর্মীরা। এক সপ্তাহের মাথায় একই থানায় দ্বিতীয়বারের মতো ককটেল হামলার ঘটনা ঘটল। এতে থানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।