বগুড়ায় সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গত সোমবার রাতে শহরের বৃন্দাবনপাড়া এলাকা থেকে অস্ত্রসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সববুল ইসলাম (২৬) বৃন্দাবনপাড়ার বাসিন্দা। ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে ডিবি পুলিশের পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বৃন্দাবনপাড়ায় অভিযান চালায়। সেখানে সববুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী তাঁর বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। এ ব্যাপারে বগুড়া সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।বগুড়ার সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, সববুল ইসলাম বৃন্দাবনপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও পেশাদার ছিনতাইকারী। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।