বগুড়ায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত
বগুড়া সদরের কর্ণপুর মধ্যপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ আলী (৫০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। নিহতের পরিবার দাবি করছে, চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা মোহাম্মদ আলীকে হত্যা করে।এলাকাবাসী জানান, কর্ণপুর মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ আলীর জামাই আমিনুর গ্রামে নতুন বাড়ি করছেন। ওই নির্মাণ কাজে বালু সরবরাহ করছেন মোহাম্মদ আলীর ছেলে মিজুল। এই বালু সরবরাহ নিয়েই গ্রামের সাবু, রিপন, মিন্টুসহ বেশ কয়েকজন যুবকের সঙ্গে মিজুলের বিরোধ দেখা দেয়। গতকাল সকালে মিজুলের সঙ্গে ওই যুবকদের বাগিবতণ্ডা চলাকালে মোহাম্মদ আলী তাঁদের থামাতে যান। সাবুর ছোঁড়া গুলিতে মোহাম্মদ আলী নিহত হন। নিহতের পরিবার জানায়, ওই সন্ত্রাসীদের দাবি করা চাঁদা না দেওয়ায় গতকাল মোহাম্মদ আলী ও মিজুলর সঙ্গে সন্ত্রাসীদের কথা-কাটাকাটি হয়। সন্ত্রাসীরা মিজুলকে গুলি করে। মিজুল পালিয়ে গেলে সন্ত্রাসীরা তাঁর বাবাকে গুলি করে।বগুড়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) আরিফুর রহমান মণ্ডল জানান, চাঁদা না পেয়েই সন্ত্রাসীরা মোহাম্মদ আলীকে হত্যা করে।