বগুড়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দুই তরুণ খুন, আহত কয়েকজন
বগুড়া শহর ও শহরতলিতে ২৪ ঘণ্টার ব্যবধানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। একই সময়ে আরও বেশ কয়েকটি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গত বৃহস্পতিবার শহরের চকলোকমান এলাকায় আবদুল মান্নান (২৮) নামের এক যুবক এবং শহরতলি ছোট কুমিড়া এলাকায় বুধবার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হয়েছেন আবদুর রহমান (৩৬)। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে একই এলাকার কয়েকজন যুবক মান্নানকে ধরে চকলোকমান চারমাথা এলাকায় নিয়ে আসে। এরপর সেখানে রামদা দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে মোহামঞ্চদ আলী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ছোট কুমিড়া মধ্যপাড়া গ্রামের আবদুর রহমান গত বুধবার রাত নয়টায় গোদারপাড়া বাজারে কাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন সন্ত্রাসী পূর্বশত্রুতার জের ধরে তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে নিহত আবদুর রহমানের মা রমেলা বেওয়া বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেছেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, শত্রুতার জের ধরে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে। কিন্তু আসামিরা সবাই গা-ঢাকা দিয়েছে। এ ছাড়া শহরের চেলোপাড়া এলাকায় বুধবার রাতে রবিউল ইসলাম (৩০) নামের এক যুবক সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। একই দিন সন্ধ্যায় নারুলী কাঁচাবাজার এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে জাকির হোসেন (২৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁকে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। সঞ্চয় সমিতি থেকে ঋণ না পাওয়ার ঘটনায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। নারুলী ফাঁড়ির উপপরিদর্শক আনিসার রহমান জানান, এ ব্যাপারে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাকারিয়া সবুজ (৩০) গত বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, ১৫ এপ্রিল বগুড়া সদরের মানিকচক এলাকায় বালু সরবরাহ নিয়ে সন্ত্রাসীরা কর্ণপুর গ্রামের মিজু আহমেঞ্চদের কাছে এক লাখ টাকা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা মিজু আহমেঞ্চদকে গুলি করে পালিয়ে যায়। মিজুকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়।