কাল ১৪৪ ধারা ভেঙে বগুড়ায় জনসভার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় ১৪৪ ধারা ভেঙে কাল জনসভা করার ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। ছবি: সোয়েল রানা, বগুড়া
বগুড়ায় ১৪৪ ধারা ভেঙে কাল জনসভা করার ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। ছবি: সোয়েল রানা, বগুড়া

বগুড়ায় ১৪৪ ধারা ভেঙে কাল শুক্রবার জনসভা করার ঘোষণা দিয়েছে ১৮-দলীয় জোট। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বগুড়া জেলা বিএনপি সংবাদ সম্মেলন করে ১৮ দলের জনসভায় ১৪৪ ধারা জারি করার প্রতিবাদ জানিয়ে তা ভাঙার ঘোষণা দেয়।
জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘২৫ অক্টোবর আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভা করার ব্যাপারে পৌরসভা থেকে অনুমতি নেওয়া হয়েছে। বিষয়টি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন স্থানে জানানো হয়েছে। হঠাৎ আজ জানতে পারলাম, আওয়ামী লীগ একই সময়ে এই মাঠে সমাবেশ আহ্বান করেছে। আওয়ামী লীগ গায়ে পড়ে ঝগড়া করছে। প্রশাসনকে জানিয়েই এই জনসভা করা হচ্ছে। তাই যেকোনো মূল্যে কালকের জনসভা সফল করা হবে। সমাবেশে বাধা দেওয়া হলে তা প্রতিরোধ করা হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মো. শাহাবুদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম, ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মুফতি আবদুল ওয়াহেদ।

বগুড়া তথ্য অফিস থেকে মাইকযোগে ১৪৪ ধারা জারির বিষয়টি জানানো হচ্ছে।  আজ সকালে শহরের সাতমাথা এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: সোয়েল রানা
বগুড়া তথ্য অফিস থেকে মাইকযোগে ১৪৪ ধারা জারির বিষয়টি জানানো হচ্ছে। আজ সকালে শহরের সাতমাথা এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: সোয়েল রানা

বগুড়ায় সমাবেশ নিষিদ্ধ, ১৪৪ ধারা: বগুড়া শহরে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে আজ ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ সন্ধ্যা ছয়টা থেকে আগামী শনিবার সন্ধ্যা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আজ সকাল থেকে জেলা তথ্য অফিস এ বিষয়ে শহরে মাইকিং করছে।
বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২৫ অক্টোবর বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে একই সময়ে বগুড়া জেলা বিএনপি ও জেলা আওয়ামী লীগ জনসভা ডেকেছে। এতে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ জনগণের জানমালের, সরকারি সম্পত্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি ও দাঙ্গা-হাঙ্গামার আশঙ্কা রয়েছে। জানমালের নিরাপত্তার স্বার্থে আলতাফুন্নেছা খেলার মাঠসহ পৌর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৪ থেকে ২৬ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।