বগুড়ায় সরকারি জায়গায় ব্যক্তিগত রাস্তা নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আবাসিক এলাকার প্রাচীর ভেঙে ব্যক্তিগত ব্যবহারের জন্য রাস্তা নির্মাণ করছেন এক ব্যক্তি। এক সপ্তাহ ধরে ব্যক্তিগত উদ্যোগে রাস্তার নির্মাণকাজ করা হলেও জনস্বাস্থ্য বিভাগ বিষয়টি পুলিশকে জানায়নি।সূত্রাপুর এলাকার লোকজন জানান, সূত্রাপুর কসাইপাড়ার পশ্চিমে জনস্বাস্থ্য বিভাগের আবাসিক এলাকার সীমানাপ্রাচীর ঘেঁষে তিন ফুট প্রশস্ত নর্দমা নির্মাণ ও নর্দমার ওপর দিয়ে রাস্তা নির্মাণের জন্য এলাকার ৬৩ ব্যক্তি স্বাক্ষরিত একটি আবেদন গত ২১ জুলাই পৌর মেয়রকে দেওয়া হয়। বিষয়টি পৌর মেয়র এ কে এম মাহবুবুর রহমান মতামত জানার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কাছে পাঠান। সেখান থেকে বিষয়টি রাজশাহী বিভাগীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে পাঠানো হয়। জনস্বাস্থ্য বিভাগ থেকে কোনো রকম মতামত জানানোর আগেই ৩০ আগস্ট রাতে রাবেয়া নার্সিং হোমের মালিক আহম্মেদ মুন্সি জনস্বাস্থ্য অধিদপ্তরের পাম্প হাউস ও আবাসিক কোয়ার্টারের প্রাচীর ভেঙে সাত ফুট প্রশস্ত ও ৮০ ফুট দীর্ঘ রাস্তা নির্মাণের কাজ শুরু করেন। বাড়িতে কার, মাইক্রোবাস চলাচলের সুবিধার জন্য এই রাস্তা নির্মাণকাজ করা হচ্ছে। এলাকাবাসী জানান, আহম্মেদ মুন্সি পানি নিষ্কাশনের নর্দমা নির্মাণের জন্য এলাকার লোকজনের কাছ থেকে স্বাক্ষর নিয়ে আবেদন করলেও তাঁরা এখন বুঝতে পারছেন, রাস্তা নির্মাণ করা হচ্ছে তাঁর ব্যক্তি স্বার্থে। এ ব্যাপারে আহম্মেদ মুন্সি বলেন, ‘রাস্তা নির্মাণের বিষয়টি আমার একার নয়। এলাকাবাসী পৌর মেয়রের কাছে আবেদন করলে পৌর কাউন্সিলর ইব্রাহিম হোসেন রাস্তা নির্মাণের কাজ শুরু করেন।’ তবে কাউন্সিলর ইব্রাহিম হোসেন বলেন, এলাকাবাসীর আবেদন সম্পর্কে তিনি কিছুই জানেন না। রাস্তা নির্মাণের খবরও তিনি জানেন না।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুজ্জামান জানান, বগুড়া পৌর মেয়র নর্দমা নির্মাণের একটি আবেদন সুপারিশ করে তাঁকে দিলে তিনি তা বিভাগীয় কার্যালয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ও পরবর্তী নির্দেশনার জন্য পাঠিয়ে দেন। কিন্তু কোনো রকম সিদ্ধান্ত আসার আগেই ওই স্থানে অবৈধভাবে রাস্তা নির্মাণের জন্য সরকারি জায়গার প্রাচীর ভেঙে ফেলা হয়। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।