বগুড়ায় সরকারি বই বিক্রি, প্রধান শিক্ষক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনা মূল্যে সরকারি বই বিক্রির অভিযোগে বগুড়া শহরের সুবিল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়েরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বগুড়া সদর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার দুপুরে আবুল খায়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বিভিন্ন বিষয়ের সরকারি বই পুরোনো কাগজ ক্রেতাকে স্কুলে ডেকে এনে তার কাছে বিক্রি করেন। ১৮ টাকা কেজি দরে প্রায় ৩০০ কেজি বই বিক্রি করা হয়। এসব বই বাইরে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বইগুলো আটক করে পুলিশে খবর দেন। একপর্যায়ে সেখানে পুলিশ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) আনোয়ার হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রেজাউল করিম ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের লোকজন ছুটে যান। এ সময় উপস্থিত কর্মকর্তাদের কাছে প্রধান শিক্ষক বই বিক্রির কথা স্বীকার করেন।