বগুড়ায় সাঙ্গ হলো কবি সম্মেলন
স্বরচিত কবিতা পাঠ, সাহিত্য আড্ডা, আবৃত্তি, ছোটগল্প ও ছোটকাগজ নিয়ে আলোচনা, নানা স্মৃতিকথা ও গুণীজনকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে গতকাল শনিবার বগুড়ায় শেষ হয়েছে দুই দিনের কবি সম্মেলন।
বগুড়া লেখকচক্রের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয় শহরের অ্যাডওয়ার্ড পার্কে উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের কবি-সাহিত্যিকেরা অংশ নেন। গতকাল অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম ও কবি মাকিদ হায়দার।
লেখকচক্র প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় গুণীদের সম্মাননা প্রদান করে। এবার সম্মাননা পেয়েছেন কবিতায় গোলাম কিবরিয়া, সাংবাদিকতায় ওয়াসিকুর রহমান, লোকসাহিত্যে বেলাল হোসেন, ছোটকাগজ ক্যাটাগরিতে আবদুল মান্নান ও প্রকাশক ক্যাটাগরিতে কালিপদ সেন। কবি ও সম্পাদক রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ সামস-উল-আলম, কবি মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ।