বগুড়ায় সাদাপোশাকে পুলিশের অভিযান নিষিদ্ধ
দেশজুড়ে অপহরণ, গুম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে নির্দোষ ব্যক্তিকে উঠিয়ে নিয়ে যাওয়া ঠেকাতে বগুড়ায় সাদাপোশাকে অভিযান নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ৷ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট পোশাক ছাড়া গোয়েন্দা পুলিশের (ডিবি ও সিআইডি) অভিযানেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷
অন্যদিকে অপরাধমূলক কাজে যানবাহনের অবাধ ব্যবহার ঠেকাতে মাইক্রোবাস, জিপ ও ব্যক্তিগত গাড়িতে কালো গ্লাস ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ৷ আগামী দুই দিনের মধ্যে নিজ উদ্যোগে সব ধরনের যানবাহন থেকে কালো গ্লাস অপসারণের জন্য মাইকিং করে সর্বসাধারণকে সতর্ক করা হচ্ছে৷
বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘অপহরণ-গুম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের পরিচয়ে মানুষকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি খুবই স্পর্শকাতর হওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে সতর্কতামূলক বেশ কিছু জরুির পদক্ষেপ নেওয়া হয়েছে৷ অপহরণ ও অপরাধ করে অপরাধীরা যাতে পালিয়ে যেতে না পারে, এ জন্য সড়ক-মহাসড়ক ও শহরের স্পর্শকাতর স্থানে তল্লািশচৌকি স্থাপন করা হয়েছে৷ গাড়ির ভেতরের দৃশ্য যাতে বাইরে থেকে অনায়াসে দেখা যায়, এ জন্য সব ধরনের গাড়ি থেকে কালো গ্লাস অপসারণ করে স্বচ্ছ গ্লাস ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে৷ এ ছাড়া পুলিশের পোশাক ও পরিচয়পত্র ছাড়া সব ধরনের অভিযান নিষিদ্ধ করা হয়েছে৷ পুলিশের এসব সিদ্ধান্তের কথা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ও মাইকিং করে জনসাধারণকে জানিয়ে দেওয়া হচ্ছে৷’
জেলা পুলিশের সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে৷ বিশেষ করে কাউন্সিলর নজরুলের পরিবারের পক্ষ থেকে র্যাব কর্মকর্তাদের জড়িয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় বিষয়টি নিয়ে রীতিমতো বিব্রত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বগুড়ায় যাতে অপহরণ ও কাউকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা না ঘটে, এ জন্য জেলা পুলিশের পক্ষ থেকে ‘সতর্কতা’ জারি করা হয়৷ এই সতর্কতার মধ্যে রয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাদাপোশাকে অভিযান বন্ধ রাখা৷
পুলিশ সুপার বলেন, অভিযানে নামা পুলিশ সদস্যদের অবশ্যই ছবিসহ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে৷ কোনো অপরাধীকে আটকের প্রয়োজন হলে অবশ্যই নিজের পরিচয় নিশ্চিত করে আটকের কারণ তাঁর পরিবারের সদস্য বা আত্মীয়কে জানিয়ে আসতে হবে৷ প্রয়োজনে অভিযান পরিচালনাকারী সদস্য বা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের মুঠোফোন নম্বর দিয়ে আসতে হবে৷ বাইরের কোনো জেলা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য কোনো সদস্য বগুড়ায় অভিযান পরিচালনা করতে এলে পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার পুলিশকে অবশ্যই অবহিত করতে হবে৷ র্যাবের কোনো অভিযানের ক্ষেত্রেও সংশ্লিষ্ট থানার পুলিশকে অবহিত করতে হবে৷ যেকোনো বাহিনী কাউকে আটক করলে ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতে হাজির করতে হবে৷