ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে অর্ধশত কোটিরও বেশি টাকার চাল আত্মসাতের মামলায় বগুড়ার নামুজা সরকারি খাদ্যগুদামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে তিনি পলাতক। গ্রেপ্তারের পর থেকে তাঁর সাজা কার্যকর হবে। বগুড়ার বিশেষ জজ মো. আবদুল মতিন গত মঙ্গলবার এ রায় দেন।আদালত সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত রফিকুল ইসলাম বগুড়ার নামুজা সরকারি খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকাকালে ১৯৯১ সালের ৩০ জুন থেকে ২৬ অক্টোবরের মধ্যে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে নামুজা সরকারি খাদ্যগুদামের ছয় হাজার ৭৮৭টি চালভর্তি বস্তা লুট করেন। এসব বস্তায় ৫০৯ দশমিক ৩১০ মেট্রিক টন চাল ছিল, যার দাম ৫২ কোটি ১১ হাজার ৬১১ টাকা। এ ব্যাপারে বগুড়া জেলা দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক সরকার মহসিন উদ্দিন ১৯৯২ সালের ২৪ জানুয়ারি বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।রফিকুল ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ডিগ্রির চরের মৃত হাসান আলীর ছেলে।