বগুড়ায় সাড়ে তিন হাজার টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূগর্ভস্থ টেলিফোনের তার চুরির কারণে বগুড়া শহরের ২০টি এলাকার প্রায় সাড়ে তিন হাজার টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গত ২৬ জুন রাতে এই চুরির চার দিন পেরিয়ে গেলেও টেলিফোনগুলো সচল হয়নি।বাংলাদেশ টেলিকমিউনিকেশন (বিটিসিএল) বগুড়ার কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা মেরামতকাজ শুরু করেছেন। পুরোপুরি কাজ শেষ হতে আরও তিন-চার দিন লেগে যাবে। বিটিসিএল সূত্রে জানা গেছে, ২৬ জুন রাতে শহরের ফতেহআলী বাজারসংলগ্ন সড়কে ড্রেনের পাশের ঢালাই ভেঙে পাকা সড়কের নিচে থাকা বিভিন্ন ধরনের তার কে বা কারা চুরি করে নিয়ে যায়। এতে শহরের চাঁদনী বাজার, বাদুরতলা, থানা মোড়, কামারগাড়ি, সাতমাথা, কালিতলা, কটনমিল, ফুলবাড়ী বটতলা, বিসিক, নিশিন্দারা, উপশহর, চারমাথা, গোদারপাড়া, এরুলিয়া, কাটনারপাড়া এলাকার গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। নিশিন্দারা এলাকার গ্রাহক মোফাজ্জল হক বলেন, চার দিনেও টেলিফোন বিভাগ এসব টেলিফোন সংযোগ দিতে পারেনি। কাজ করতে লাগে না। সংযোগ না থাকায় তাঁকে সমস্যায় পড়তে হচ্ছে। তা ছাড়া বগুড়া সদর থানার ১০০ গজ দূরে চুরির ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এর আগে একই স্থানে তার চুরি হয়েছিল।বিটিসিএল বগুড়ার বিভাগীয় প্রকৌশলী (টেলিকম) তাজুল ইসলাম বলেন, প্রতিদিনই কিছু কিছু টেলিফোনের সংযোগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে ৩০০ টেলিফোনের সংযোগ দেওয়া হয়েছে। পুরোপুরি সংযোগ দিতে আরও তিন-চার দিন লাগতে পারে। তিনি জানান, চুরির ঘটনায় বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।