বগুড়ায় সিনেপ্লেক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় প্রথমবারের মতো বানানো হচ্ছে সিনেপ্লেক্স। জেলা শহরের প্রাণকেন্দ্র সাতমাথার অদূরে নওয়াববাড়ি সড়কে নির্মাণাধীন ১১ তলা শপিং সেন্টার পুলিশ প্লাজার ১০ ও ১১ তলায় তৈরি হচ্ছে এ সিনেপ্লেক্স।

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট বগুড়া শহরে প্রায় এক একর জায়গার ওপর অত্যাধুনিক ওই পুলিশ প্লাজা নির্মাণ করছে। গত ২৬ ডিসেম্বর পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর নির্মাণকাজ উদ্বোধন করেন।

পুলিশ প্লাজার প্রথম ছয়তলার শপিং মলে ২০২টি দোকান, একটি ফ্লোরের ফুডকোর্টে ২০টি খাবারের দোকান এবং একটি রেস্তোরাঁ, কিডস প্লে জোন থাকছে। শপিং মলে ওঠা-নামার জন্য ছয় জোড়া চলন্ত সিঁড়ি ও পাঁচটি অত্যাধুনিক লিফট থাকবে। একসঙ্গে ৪২টি গাড়ি পার্ক করা যাবে।

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান গতকাল বৃহস্পতিবার বলেন, পুলিশ প্লাজার নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আগামী বছরের মাঝামাঝি এর নির্মাণ শেষ হবে। প্লাজার ১০ ও ১১ তলায় শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সিনেপ্লেক্স হচ্ছে। এখানে প্রদর্শিত হবে দেশি-বিদেশি ব্লক ব্লাস্টার ও সুপারহিট চলচ্চিত্র। দর্শকেরা সপরিবার এখানে বিশ্বসেরা চলচ্চিত্র উপভোগ করতে পারবেন। এতে বগুড়ায় চলচ্চিত্র ব্যবসায় মন্দাভাব কেটে যাবে ও দর্শকেরা আবার হলমুখী হবেন।

২০০০ সাল পর্যন্ত শহরে প্রেক্ষাগৃহের সংখ্যা ছিল ৯। এসব প্রেক্ষাগৃহে দর্শক ছিল হাউসফুল। এরপর একে একে বন্ধ হয়ে যায় সাতমাথায় অবস্থিত মাধু, মেট্রো ও মেরিনা, কবি নজরুল ইসলাম সড়কে উত্তরা, চারমাথায় বীথি ও জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টে উল্লাস সিনেমা হল। মাধু, মেট্রো ও মেরিনা হল ভেঙে সেখানে বহুতল শপিং সেন্টার নির্মাণ করা হয়েছে। সর্বশেষ বন্ধ হয়েছে বাম্বী সিনেমা হল। এখন শহরে প্রেক্ষাগৃহ বলতে নওয়াববাড়ি সড়কে সোনিয়া ও চেলোপাড়ায় মধুবন সিনেমা হল।