বগুড়ায় সিনেমা হল পুড়ে ছাই
বগুড়া শহরের নবাববাড়ি রোডে গত বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডে সোনিয়া সিনেমা হল সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ সময় সিনেমা হলসংলগ্ন একটি আবাসিক হোটেল ও তিনটি দোকান আংশিক পুড়ে গেছে।সোনিয়া সিনেমা হলের মালিক শাহিনুর রহমান বলেন, ‘রাত সাড়ে তিনটায় নিরাপত্তারক্ষী আমাকে আগুন লাগার খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লাগায় মালামাল রক্ষা হয়নি। অগ্নিকাণ্ডে সিনেমা হলের মেশিন, চেয়ার ও অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।’ বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান সোহেল রানা জানান, রাত চারটা থেকে সকাল সাতটা ৪০ মিনিট পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণে শহরের একাংশে সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।