বগুড়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় মাজারে শৌচাগারের সেপটিক ট্যাংক বিস্ফোরণে খলিলুর রহমান (৬০) নামের এক মুসল্লি নিহত ও সুইপারসহ আটজন আহত হয়েছেন। এ ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।এলাকাবাসী জানান, গতকাল বৃহস্পতিবার ভোরে মহাস্থানগড় মাজার এলাকায় হঠাৎ বিকট শব্দ হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দেখা যায়, সেপটিক ট্যাংকের বিস্ফোরণ ঘটেছে। এই ট্যাংকের ওপর ১৭টি শৌচাগার ছিল। সব কটি বিধস্ত হয়ে গেছে। এলাকাবাসী ধারণা করছেন, গ্যাস বের হওয়ার ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে গুরুতর আহত খলিলুর রহমানকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বগুড়া শহরের কাটনারপাড়ার বাসিন্দা। আহত অন্যরা হলেন আয়না বিবি (৩৫), জাকিরুল ইসলাম (৪৫), পরিচ্ছন্নতা কর্মী মুনমুন (৩০) ও অজ্ঞাত চারজন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।মাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বলেন, ‘এ ব্যাপারে উপজেলা প্রকৌশলীকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।’বগুড়া ফায়ার সার্ভিস কর্মকর্তা সোহেল রানা বলেন, অপরিকল্পিতভাবে টয়লেট নির্মাণ ও নিয়মিত পরিষ্কার না করার কারণে গ্যাস বিস্ফোরণ ঘটেছে।