বগুড়ায় সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু উপজেলা সদরে নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই নির্মাণশ্রমিক মারা গেছেন। তাঁরা হলেন একই উপজেলার সাগাটিয়া গ্রামের আজাহার আলী (৪৫) ও বামুজা গ্রামের শফিক (১৮)। এ ছাড়া আবদুল গফুর নামের আরেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই তিনজন শ্রমিক উপজেলা সদরে আবদুর রশিদ নামের এক ব্যক্তির ভবন নির্মাণের কাজ করছিলেন। শ্রমিক শফিক গতকাল সকাল সাড়ে নয়টার দিকে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন। সেখানে তিনি অচেতন হয়ে পড়লে আজাহার আলী তাঁকে তুলতে যান। তাঁরা দুজনেই সেখানে মারা যান। পরে তাঁদের তুলতে শ্রমিক আবদুল গফুর নামলে তিনিও অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে স্থানীয় লোকজন গফুরকে উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ. রশিদ প্রথম আলোকে জানান, সেপটিক ট্যাংকের ভেতরে অক্সিজেনের অভাবে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকতে পারে।কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।