বগুড়ায় স্কুলছাত্রীকে মারধর, অটোরিকশাচালকের নামে মামলা
বগুড়ার গাবতলী উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে মারধরের অভিযোগে মামলা হয়েছে সিএনজিচালিত অটোরিকশাচালকের বিরুদ্ধে। প্রেম ও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় আজ বুধবার দুপুরে ছাত্রীটিকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
অভিযুক্ত ওই চালকের নাম মো. রকি (২৫)। তিনি উপজেলার একটি গ্রামের আমজাদ হোসেনের ছেলে। মামলা হওয়ার পর পুলিশ আমজাদকে আটক করেছে।
স্কুলছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অনেক দিন ধরেই রকি ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। প্রেমের প্রস্তাব দিয়েছেন একাধিকবার। কিন্তু ছাত্রী প্রস্তাবে রাজি হয়নি। প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে রকি বিয়ে করেছেন প্রায় দেড় বছর হলো। কিন্তু রকি আবার মেয়েটির পিছু নেন। সকালে ওই ছাত্রী কোচিং শেষে বাসায় ফিরছিলেন। এ সময় রকি ডাকাডাকি করেন তাকে। কিন্তু মেয়েটি সাড়া দেয়নি। পরে রকি অটোরিকশা নিয়ে ওই ছাত্রীর পথরোধ করেন। এ সময় রকি ফের মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেন। কিন্তু মেয়েটি নাকচ করে দেয়। এতে রকি ক্ষিপ্ত হয়ে কাঠের ফালি দিয়ে মেয়েটির পায়ে আঘাত করেন। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে রকি তাঁর অটোরিকশা নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে গাবতলী মডেল থানার মামলা করেছেন বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার। তিনি বলেন, মামলায় রকিকে আসামি করা হয়েছে। মামলার পর রকির বাবাকে আটক করা হয়েছে। রকির অটোরিকশাটি জব্দ করা হয়েছে। ঘটনাটি জানার পরপরই রকিকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। ওই ছাত্রীকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।