বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বগুড়া সদরে কোহিনুর বেগম (১৯) নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে হত্যার দায়ে তাঁর স্বামী বাপ্পী মিয়াকে (৩৭) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাঁকে এক লাখ টাকা জরিমানা করেন। বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম ছাইফুল ইসলাম আজ বুধবার এ রায় দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, তুচ্ছ ঘটনার জের ধরে ২০০০ সালের ১৪ জুন বাপ্পী তাঁর স্ত্রীকে শারীরিক নির্যাতন করে হত্যা করে। পরে লাশ বাড়ির পাশে ডোবায় গুম করে রাখে। ঘটনার দুদিন পর বিষয়টি জানাজানি হলে কোহিনুরের বাবা আবুল হোসেন ফকির বগুড়া সদর থানায় বাপ্পীসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ২০১১ সালে ১০ নভেম্বর বগুড়া সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান অভিযোগপত্র দেন। কয়েক দফায় সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এই রায় দেন।
একই মামলার অপর তিনজন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেন আদালত।