বগুড়ায় স্বাস্থ্য-উপস্বাস্থ্যকেন্দ্রে ২৩১ চিকিৎসকের পদ শূন্য
বগুড়ার ১২ উপজেলায় ১৬৫ জন চিকিৎসকের পদ দীর্ঘদিন ধরে শূন্য। এর মধ্যে ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১৬ জন, ২০ শয্যার তিনটি বিশেষ হাসপাতালে দুই ও ৪৭টি ইউনিয়ন স্বাস্থ্য-উপস্বাস্থ্যকেন্দ্রে ৪৭ জন্য চিকিৎসকের পদ বছরের পর বছর ধরে শূন্য রয়েছে। চিকিৎসক-সংকটের কারণে জেলার স্বাস্থ্য ও উপস্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন চিকিৎসা নিতে আসা গ্রামাঞ্চলের দরিদ্র মানুষ।জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলার ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত জুলাই পর্যন্ত ১৬৫ জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে। নন্দীগ্রাম ও আলিয়াহাট ২০ শয্যার বিশেষ দুটি হাসপাতালেও দুজন চিকিৎসকের পদ শূন্য রয়েছে। এ ছাড়া ১০৫টি ইউনিয়ন স্বাস্থ্য-উপস্বাস্থ্যকেন্দ্রের মধ্যে ৪৭টিতে কোনো চিকিৎসক নেই। নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চলছে মাত্র দুজন চিকিৎসক দিয়ে। ৩১ শয্যার এ হাসপাতালে চিকিৎসকের পদ নয়টি। উপজেলায় দুটি ইউনিয়ন স্বাস্থ্য ও উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের দুটি পদ শূন্য রয়েছে। আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জনের জায়গায় আছে মাত্র পাঁচজন চিকিৎসক। পাঁচজন চিকিৎসক দিয়ে চলছে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে ১৬ জনের মধ্যে ১১ চিকিৎসকের পদই শূন্য। কাহালু স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জনের মধ্যে ১০ চিকিৎসকের পদ শূন্য রয়েছে। শিবগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তাসহ ১২ জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে। এ ছাড়া সাতটি ইউনিয়ন স্বাস্থ্য ও উপস্বাস্থ্যকেন্দ্রে সাতজন এবং আলিয়াহাট ২০ শয্যার হাসপাতালে একজন চিকিৎসকের পদ শূন্য রয়েছে। সারিয়াকান্দিতে ছয়জন চিকিৎসক দিয়ে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে ২১ চিকিৎসকের মধ্যে ১৫টি পদই শূন্য। গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তাসহ ১২ জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে। পাঁচজন চিকিৎসক দিয়ে চলছে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সাতটি ইউনিয়ন স্বাস্থ্য ও উপস্বাস্থ্যকেন্দ্রে সাতজন সহকারী সার্জন এবং চিকিৎসা কর্মকর্তার পদ শূন্য রয়েছে। সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তাসহ ১৫ চিকিৎসকের পদ শূন্য রয়েছে। একটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে একজন সহকারী সার্জনের পদ শূন্য। সাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তার পদ দীর্ঘদিন ধরে শূন্য। এ ছাড়া সদর উপজেলার চারটি স্বাস্থ্য ও উপস্বাস্থ্যকেন্দ্রে চারজন চিকিৎসকের পদ শূন্য রয়েছে। বগুড়ার সিভিল সার্জন মো. খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকেরা গ্রামে থাকতে চান না। আবার কেউ কেউ যোগদান করেই উচ্চতর ডিগ্রি নিতে যাচ্ছেন। ফলে গ্রামাঞ্চলে চিকিৎসক-সংকট বিরাজ করছে। সংকটের কারণে ইউনিয়ন স্বাস্থ্য-উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকদের দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালাতে হচ্ছে। আবার আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও অবেদনবিদের অভাবে একটিতেও অস্ত্রোপচার কার্যক্রম চালু করা যায়নি।