বগুড়ায় স্বাস্থ্য ও শিক্ষা খাতে জবাবদিহি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় স্বাস্থ্য ও শিক্ষা খাতে কোনো জবাবদিহি নেই। রয়েছে তদারকির অভাব। চিকিৎসার জন্য বেসরকারি ক্লিনিকে সাধারণ মানুষ যেতে বাধ্য হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি ও উপস্থিতি আগের চেয়ে বাড়লেও শিক্ষার গুণগত মান বৃদ্ধি পায়নি। গতকাল সোমবার বগুড়ায় সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) উদ্যোগে সরকারি শিক্ষা ও স্বাস্থ্যসেবা-পরিস্থিতির ওপর সামাজিক নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে এক মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরা হয়। বগুড়া পৌরসভার সভাকক্ষে সুপ্রর সভাপতি প্রদীপ ভট্টাচার্য্যের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোস্তফা আলী। সুপ্রর সম্পাদক কে জি এম ফারুকের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএমএ জেলা সভাপতি মোস্তফা আলম, ডেপুটি সিভিল সার্জন শের মোস্তফা সাদিক খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সাত্তার সরকার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চিকিৎসা কর্মকর্তা জহুরুল ইসলাম প্রমুখ।সভায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হাটফুলবাড়ি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, কুতুবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র এবং খুর্দ্দবলাইল কমিউনিটি ক্লিনিকের ওপর পরিচালিত সমীক্ষায় বলা হয়, সরকারি স্বাস্থ্যসেবাব্যবস্থায় জবাবদিহির অভাব রয়েছে, তদারকির তেমন কোনো ব্যবস্থা নেই। তাই তাঁরা সুচিকিৎসার জন্য বেসরকারি ক্লিনিক ও সরকারি চিকিৎসকদের পরিচালিত প্রাইভেট ক্লিনিকে সেবার জন্য যেতে বাধ্য হন। সরকারি স্বাস্থ্যসেবায় জনসাধারণ সন্তুষ্ট নয়। জেলা, উপজেলা, ইউনিয়ন, কমিউনিটি পর্যায়ের প্রতিটি স্বাস্থ্যসেবাদান কেন্দ্রে অনেক চিকিৎসক ও চিকিৎসাকর্মীর পদ শূন্য রয়েছে।অন্যদিকে মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য বিভিন্ন প্রকল্প, উদ্যোগ গ্রহণ করা হলেও আশানুরূপভাবে গুণগত মান বৃদ্ধি পায়নি। এখনো ছাত্রছাত্রীরা বাজারের গাইড বই বা নোট বই ব্যবহার করছে। অনেক ছেলেমেয়ে পঞ্চম শ্রেণী পাসের আগেই ঝরে পড়ছে।