বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খায়রুল আনাম ওরফে রেক্কাত হত্যার ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। এঁদের মধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।জেলা ডিবি পুলিশের পরিদর্শক মিজানুর রহমান জানান, গত শনিবার সকালে শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে রহমাননগর এলাকার মাসুদ মিয়াকে (২৪) গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি ও তথ্য অনুযায়ী একই দিন রাতে বগুড়ার শেরপুর উপজেলা থেকে এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান, সদরের হাড়িবটতলা থেকে ঠনঠনিয়া এলাকার পিন্টু মিয়া (৩০), দুপচাঁচিয়া উপজেলার ধানসুখানগাড়ি থেকে কনক সরকার (২৪) নামের চারজনকে গ্রেপ্তার করা হয়। আসামি মাহমুদুলের স্বীকারোক্তি অনুযায়ী রহমান নগরের একটি বাগান থেকে একটি পিস্তল, কার্তুজ, ম্যাগাজিন ও সাতটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরদিন রোববার আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো’: ২৯ নভেম্বর রাতে শহর আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সুজানুর রহমান, ১৭ ডিসেম্বর দিনে দুপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা খায়রুল আনাম ও ১৯ ডিসেম্বর রাতে যুবলীগের কর্মী শামীম হোসেন ওরফে বুশকে খুন করে দুর্বৃত্তরা। এসব হত্যাকাণ্ড ও আসামি গ্রেপ্তার নিয়ে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া পুলিশ সুপারের (এসপি) সভাকক্ষে প্রেস বিফ্রিং হয়।পুলিশ সুপার মোজাম্মেল হক গত ২৭ এপ্রিল এই জেলায় যোগদানের পরে আইনশৃঙ্খলা রক্ষায় কী কাজ করেছেন তার একটি চিত্র তুলে ধরে সাংবাদিকদের বলেন, ‘আমি দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই, সাম্প্রতিক সময়ে তিনটি হত্যাকাণ্ড আমাদের আগের সব কাজকে ম্লান করে দিয়েছে। আমরা এই তিনটি হত্যাকাণ্ড নিয়ে বিচলিত। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো।’খায়রুল হত্যা প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, ‘গ্রেপ্তার হওয়া পিন্টু মিয়া ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জবানবন্দিতে হত্যার কারণ সম্পর্কে কী বলেছে, এই মুহূর্তে বলা যাবে না।’ তিনি বলেন, ‘অন্য দুটি হত্যা মামলার আসামিদেরও নজরদারিতে রাখা হয়েছে। তারাও অচিরেই ধরা পড়বে।’