বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
বগুড়া শহরের সবুজবাগ এলাকায় গতকাল বুধবার দুপুরে শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আশীষ কুমার রায়কে (২৮) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এর প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ।আশীষ বগুড়া শহরের সেউজগাড়ী পালপাড়া এলাকার মানিক রায়ের ছেলে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুপুর সাড়ে ১২টার দিকে চারটি মোটরসাইকেলে করে আট-নয়জন সন্ত্রাসী জামিলনগর এলাকার মোড়ে একটি হোটেলে এসে ভাঙচুর করে। সেখান থেকে সবুজবাগের দিকে যাওয়ার সময় তাদের সামনে পড়ে যান স্বেচ্ছাসেবক লীগের নেতা আশীষ। তারা আশীষের মোটরসাইকেল থামিয়ে কিছু বলার আগেই ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন এসে আশীষকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমানসহ অন্য নেতারা হাসপাতালে ছুটে যান। তাঁরা আশীষের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন।হোটেলের মালিক আশরাফুল ইসলাম বলেন, কী কারণে এবং কারা তাঁর হোটেল ভাঙচুর করেছে, তা তিনি জানেন না। তাঁর মতে, ওই সন্ত্রাসীরা হয়তো হোটেলে কাউকে খুঁজতে এসেছিল।আশীষ ওই হোটেলে প্রায় সময় আড্ডা দিতেন বলে এলাকাবাসী জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সবুজবাগের কয়েকজন বাসিন্দা জানান, মাস খানেক আগে সবুজবাগের কয়েকজন যুবকের সঙ্গে আশীষের গোলমাল হয়। ওই ঘটনার জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে।একই ধরনের ধারণা পোষণ করেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, এক মাস আগে সবুজবাগে একটি মারামারি হয়। এ নিয়ে মামলাও হয়। হামলাকারীরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বেশ কয়েক দিন আগে মুক্তি পেয়েছে। ওই ঘটনার জেরে আশীষ খুন হতে পারেন।ময়নাতদন্তের জন্য আশীষের মৃতদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।হত্যাকাণ্ডের পর সেউজগাড়ী পালপাড়ায় আশীষের বাসায় গেলে তাঁর স্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি।