বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতা ছুরিকাঘাতে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হয়েছেন সঞ্জিত রায় (২৫) নামে এক যুবক। নিহত সঞ্জিত বগুড়া শহরের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। গত মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের চকসূত্রাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ স্বেচ্ছাসেবক লীগের কর্মী রাকিব মিয়াকে (২৩) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সঞ্জিত শহরের সেউজগাড়ী রেল কলোনির বাসিন্দা সুধীর রায়ের ছেলে।বগুড়া সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে সঞ্জিত ও তাঁর বন্ধু স্বেচ্ছাসেবক লীগের কর্মী রাকিব একটি মোটরসাইকেলে করে চকসূত্রাপুর থেকে সেউজগাড়ীর দিকে যাচ্ছিলেন। এ সময় চকসূত্রাপুর এলাকার মসজিদের অদূরে কয়েকজন সন্ত্রাসী তাঁদের গতি রোধ করে। সন্ত্রাসীরা সঞ্জিতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।রাকিবকে মঙ্গলবার রাতেই পুলিশ আটক করেছে। বগুড়া সদর থানার উপপরিদর্শক মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে নিহত সঞ্জিতের বাবা সুধীর রায় বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন।এদিকে গতকাল বুধবার দুপুরে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করে।শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে আগামী শনিবার শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। প্রসঙ্গত, গত শনিবার রাতে শহরের জলেশ্বরীতলা এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শরিফুল হক নামে এক ব্যক্তি খুন হন।