বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকে গুলি করে হত্যা
বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খায়রুল আনামকে (২৮) গতকাল সোমবার দিনদুপুরে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল বিকেলে শহরে বিক্ষোভ করে জেলা স্বেচ্ছাসেবক লীগ।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শহরের রহমাননগরে জব্বার ক্লাবের সামনে মেসার্স রেক্কাত ট্রেডার্স নামে খায়রুলের একটি সিমেন্টের দোকান আছে। গতকাল ওই দোকানে বসে ছিলেন তিনি। দুপুর পৌনে ১২টার দিকে মুখোশ পরা দুই যুবক একটি মোটরসাইকেলে করে দোকানের সামনে এসে খায়রুলের মাথা ও বুকে গুলি করে পালিয়ে যান। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। লোকজন এসে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।মেডিকেলের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক রেজাউল আলম বলেন, দুপুর ১২টা ৩৫ মিনিটে খায়রুলকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে তাঁকে চিকিৎসা দেওয়ার পর ঢাকায় স্থানান্তর করার পরামর্শ দেওয়া হয়। এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকায় পাঠানোর জন্য অপেক্ষা করা হচ্ছিল। সেই অবস্থায় বেলা দুইটার দিকে অস্ত্রোপচারকক্ষে খায়রুলের মৃত্যু হয়।নাম প্রকাশ না করার শর্তে স্বেচ্ছাসেবক লীগের একাধিক নেতা বলেন, খাদ্য বিভাগের ঠিকাদারি নিয়ে খায়রুলের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বিরোধ ছিল। দুই বছর আগে খাদ্য বিভাগের শ্রমিক নিয়োগের ঠিকাদারি নিয়ে সংগঠনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও আহত হওয়ার ঘটনা ঘটে। বেশ কিছু দিন গোলমালও চলে। ওই ঘটনার জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে বলে সংগঠনের অনেকে মনে করছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান বলেন, একটি মোটরসাইকেলে করে তিন যুবক খায়রুলের দোকানে আসেন। এর মধ্যে মুখোশ পরা এক যুবক মোটরসাইকেল থেকে নেমে খায়রুলকে উপর্যুপরি গুলি করে চলে যান।