বগুড়ায় সড়ক দুর্ঘটনায় চার পুলিশসহ নিহত ৫
বগুড়ার শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় পুলিশের চার কনস্টেবলসহ পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও তিন পুলিশ কনস্টেবল আহত হন।হতাহত পুলিশ সদস্যরা বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন।পুলিশের নিহত সদস্যরা হলেন, কনস্টেবল আসলাম কবীর (২৭), উৎপল (২৯), আবদুর রউফ (৩১) ও আবদুর রাজ্জাক (৩৫)। এ ছাড়া দুর্ঘটনায় পুলিশের গাড়িচালক স্বপনও (২৬) নিহত হন।পুলিশ সূত্র জানায়, বগুড়া পুলিশ লাইনস থেকে পুলিশের ১০ জন সদস্য একটি পিকআপে চড়ে নন্দীগ্রাম উপজেলায় যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে জামাদারপুকুর এলাকায় রাজশাহী থেকে রংপুরগামী একটি বাসের সঙ্গে পুলিশ সদস্যদের বহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পুলিশের তিন কনস্টেবল ও পিকআপের চালক নিহত হন।স্থানীয় লোকজন চারজন কনস্টেবলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ভর্তির পরপরই কনস্টেবল আবদুর রাজ্জাক মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন পুলিশের সদস্যরা হলেন, শরিফুল, বিপুল ও রাজ্জাক। হাসপাতাল সূত্র জানায়, কনস্টেবল শরিফুলের অবস্থা আশঙ্কাজনক। শাজাহানপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।দুর্ঘটনার পরপরই বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। পুলিশ বাসটি আটক করেছে।বগুড়ার পুলিশ সুপার (এসপি) হুমায়ুন কবির দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন।এসপি হুমায়ুন কবীর জানান, পুলিশ সদস্যদের কোনো অস্ত্র বা গোলাবারুদ খোয়া যায়নি। তিনি আরও জানান, হতাহত পুলিশ সদস্যরা বগুড়া পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।