বগুড়ায় সড়কে এখনো গাছ-খুঁটি, দুর্ভোগে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার চণ্ডীহারা দীঘলকান্দি এলাকায় গত বৃহস্পতিবার রাতে সড়ক কেটে ফেলেন জামায়াত-শিবির কর্মীরা। ছবি: সোয়েল রানা, বগুড়া
বগুড়ার চণ্ডীহারা দীঘলকান্দি এলাকায় গত বৃহস্পতিবার রাতে সড়ক কেটে ফেলেন জামায়াত-শিবির কর্মীরা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৮ দলের অবরোধ কর্মসূচি আজ শুক্রবার ভোর ছয়টায় শেষ হলেও বিভিন্ন সড়কে বাধা-প্রতিবন্ধকতা থাকায় বগুড়া কার্যত এখনো অচল। এতে যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো যাত্রী।

সড়ক-মহাসড়কে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে, টায়ার জ্বেলে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে জামায়াত-শিবির বগুড়াকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে।

শহরের তিনটি বাসটার্মিনাল থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ সব সড়কপথে বাস চলাচল বন্ধ রয়েছে। রাত থেকে রেলযোগাযোগও বন্ধ। সকালে ঢাকা, সিলেট ও চট্টগ্রামগামী দূরপাল্লার বাস ছাড়ার কথা থাকলেও টিকিট কাউন্টার থেকে যাত্রীদের টিকিট ফেরত দেওয়া হয়েছে। বাসটার্মিনাল ও রেলস্টেশনে সকাল থেকেই যাত্রীর ভিড় দেখা গেছে।

বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া থেকে মোকামতলা পর্যন্ত সড়কের ওপর এখনো জামায়াত-শিবির কর্মীদের ফেলে রাখা গাছ দিয়ে বন্ধ হয়ে আছে রাস্তা। ছবিটি বগুড়ার গোকুল এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া থেকে মোকামতলা পর্যন্ত সড়কের ওপর এখনো জামায়াত-শিবির কর্মীদের ফেলে রাখা গাছ দিয়ে বন্ধ হয়ে আছে রাস্তা। ছবিটি বগুড়ার গোকুল এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া



কাদের মোল্লার ফাঁসির রায়কে কেন্দ্র করে আতঙ্ক-উত্কণ্ঠায় শহরের লোকসমাগম খুব কম। দু-একটি রিকশা ছাড়া শহরে কোনো যানবাহন চলাচল করছে না।

বগুড়া মোটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, কাদের মোল্লার রায় কার্যকর করার ঘটনাকে ঘিরে গতকাল বিকেল থেকে জামায়াত-শিবিরের কর্মীরা ঢাকা-বগুড়া, বগুড়া-রংপুর, বগুড়া-নওগাঁ ও বগুড়া-নাটোর মহাসড়কসহ অভ্যন্তরীণ সব সড়কে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে, আগুন জ্বেলে, তির-ধনুক, লাঠিসোঁটা, পেট্রলবোমা-হাতবোমা হাতে মহাসড়কে সশস্ত্র অবস্থান করছিলেন। সকাল পর্যন্ত মহাসড়ক থেকে এসব গাছ ও বিদ্যুতের খুঁটি অপসারণ এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় দূরপাল্লার ও অভ্যন্তরীণ সব রুটে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. মোজাম্মেল হক বলেন, মহাসড়কে কাটা এসব গাছ ও বিদ্যুতের খুঁটি সরাতে রাত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। দুপুরের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

উত্তরাঞ্চল পত্রিকাশূন্য: সড়ক-মহাসড়ক অবরোধ করে রাখায় উত্তরাঞ্চলের অধিকাংশ জেলায় আজ প্রথম আলোসহ কোনো পত্রিকা পৌঁছাতে পারেনি। বগুড়ায় প্রথম আলো ছাপাখানা থেকে রাতে উত্তরাঞ্চলের ১৫ জেলায় পত্রিকা পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত পত্রিকার গাড়ি কোনো জেলায় পৌঁছাতে না পারায় তা ছাপাখানায় ফেরত আসে। এতে বগুড়া ছাড়া উত্তরাঞ্চলের ১৫ জেলার পাঠকেরা আজ প্রথম আলো হাতে পাননি। ঢাকা থেকে অন্য জাতীয় দৈনিক পত্রিকার গাড়িও বগুড়া হয়ে উত্তরাঞ্চলে পৌঁছাতে পারেনি।