বগুড়ায় হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় আল মাসুদ (১৮) নামের এক তরুণকে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে বগুড়ার জেলা ও দায়রা জজ আ ন ম সাঈদ এ রায় দেন। আদালত একই সঙ্গে ওই দুই আসামিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন উপজেলার কাফুরা গ্রামের আরকান আলীর ছেলে নুরুল ইসলাম জায়দার (৩৯) ও একই এলাকার আবদুর রশিদের ছেলে মোস্তফা কামাল (২৫)।

এজাহার ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর কাফুরা গ্রামের মুরগি ব্যবসায়ী আল মাসুদকে অপহরণ করা হয়। নিখোঁজের তিন দিন পর ১৭ সেপ্টেম্বর একই গ্রামের জিয়াউর রহমানের বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে পুলিশ মাসুদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মাসুদের মা মালেঞ্চা বেগম বাদী হয়ে জিয়াউর রহমানসহ ওই পরিবারের ছয়জনকে আসামি করে শেরপুর থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ওই থানার পুলিশ সাজাপ্রাপ্ত ওই দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তাঁদের মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। রায়ে হাইকোর্টের অনুমতি সাপেক্ষে আসামিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন আদালত। রায় ঘোষণার পর ওই দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি(পিপি) আবদুল মতিন।