বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের মিছিল থেকে গতকাল শনিবার বগুড়া সদর থানা ও শহরের সদর পুলিশ ফাঁড়িতে ককটেল হামলা চালানো হয়েছে। মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেলও নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশের তিন সদস্যসহ অন্তত ২৮ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুই নারীসহ ১২ জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার থেকে শুরু হওয়া ৮৪ ঘণ্টার হরতালের সমর্থনে ১৮ দল গতকাল বিকেলে বগুড়ায় মিছিল-সমাবেশের আয়োজন করে। দুপুরের পর শহরের বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা পৌর উদ্যানে জড়ো হতে থাকেন। এসব মিছিল সাতমাথা স্থান দিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। মিছিল থেকে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উদ্যানে সমাবেশ শেষে বিকেল সাড়ে চারটার দিকে প্রধান মিছিল বের হয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, প্রধান মিছিলটি সাতমাথা হয়ে থানা মোড়ের দিকে যাওয়ার সময় মিছিল থেকে সদর থানায় উপর্যুপরি ককটেল ফাটানো হয়। এ সময় পুলিশ লাঠিপেটা করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। মিছিলকারীরা তখন রাস্তার পাশে বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন এবং কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ককটেলের আঘাতে আহত হন উপপরিদর্শক (এসআই) সৈয়দ আলম, সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুজ্জামান ও কনস্টেবল শফিকুল ইসলাম। তাঁদের মধ্যে শফিকুলকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষ চলাকালে মুহুর্মুহু গুলি ও ককটেলের বিকট শব্দে গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফাঁকা হয়ে যায় শহরের রাস্তাঘাট। দোকানপাট বন্ধ করে লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। এদিকে মিছিলকারীরা পুলিশের তাড়া খেয়ে সদর থানা এলাকা থেকে ছত্রভঙ্গ হয়ে দ্বিতীয় দফায় শহরের নওয়াববাড়ী সড়কে সদর পুলিশ ফাঁড়িতে ককটেল হামলা চালান। তবে এতে কেউ হতাহত হননি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম বলেন, ‘হামলাকারীদের লক্ষ্য ছিল সদর থানা। থানা রক্ষা করতে পুলিশ শতাধিক রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। ঘটনাস্থল থেকে দুই নারী কর্মীসহ কয়েকজনকে আটক করা হয়েছে।
বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান বলেন, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ বহু নেতা-কর্মী পুলিশের লাঠিপেটা ও রাবার বুলেটে আহত হয়েছেন। তাঁরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে সাড়ে পাঁচটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোকুল এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। এ সময় প্রায় ১২টি যানবাহন ভাঙচুর করা হয়। অগ্নিসংযোগ করা হয় একটি বিআরটিসির বাসে। প্রায় দুই ঘণ্টা তাঁরা সড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় মহাসড়কের দুই পাশে কয়েক শ গাড়ি আটকা পড়ে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ ও র্যাবের সদস্যরা গিয়ে কয়েকটি রাবার বুলেট ও কাঁদানের গ্যাসের শেল ছুড়ে অবরোধকারীদের সরিয়ে দেয়।
বগুড়া জেলা পুলিশ সুপার মোজামেঞ্চল হক বলেন, ‘মিছিল থেকে উসকানিমূলকভাবে পুলিশের ওপর হামলা চালানো হয়। সদর থানায় ককটেল হামলা ও রাস্তায় নির্বিচারে যানবাহন ভাঙচুর করা হয়। সন্ধ্যায় বিজিবির সদস্যরা শহরে টহল শুরু করেছেন।